গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল শনিবার সকালে লিপি বিশ্বাস (১৮) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।নিউ মার্কেট থানা সূত্র জানায়, লিপি বিশ্বাস নিউ মার্কেট এলাকার ৩৭/২, মিরপুর রোডের বাসিন্দা বাদ্যযন্ত্র ব্যবসায়ী দুলাল সরকারের বাসার গৃহকর্মী ছিলেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গৃহকর্মীর মৃত্যুর খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ বাদ্যযন্ত্র ব্যবসায়ী দুলাল সরকারের বাসায় যায়। পুলিশ ওই বাসার একটি শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহকর্মী লিপির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিউ মার্কেট থানার অপারেশন কর্মকর্তা রাইসুল ইসলাম জানান, এটি আত্মহৎযা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লিপির গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়। তাঁর বাবার নাম আধার বিশ্বাস।শিশুর লাশ উদ্ধারগতকাল দুপুর ১২টার দিকে পুলিশ বাড্ডা থানার আফতাবনগরের জলাশয় থেকে এক ছেলেশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বয়স আনুমানিক আট বছর। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।