গৃহকর্মীর লাশ উদ্ধার গৃহকর্তা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গত শনিবার রাতে রোকসানা (২৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা শাহ আলমকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১০টার দিকে গৃহকর্তা শাহ আলম থানায় গিয়ে জানান, তাঁর গৃহকর্মী রোকসানা আত্মহত্যা করেছেন। পরে পুলিশ কর্মকর্তারা ওই বাসায় গিয়ে দেখতে পান, মেয়েটির মৃতদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় গ্রিলের সঙ্গে বাঁধা। হাঁটু মেঝেতে ঠেকানো। মেয়েটির মৃত্যুর ব্যাপারে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হওয়ায় পুলিশ গৃহকর্তাকে আটক করে। শাহ আলম একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা। তিনি তিন সন্তানের জনক।দারোগা জানান, মেয়েটি ধর্ষিত হয়েছেন কি না, তা পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে আবেদন করা হয়েছে।গৃহকর্মী রোকসানার মা হোসনে আরা বিবি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী নাছির উদ্দিন দীর্ঘ দিন ধরে পঙ্গু। আট মাস আগে তিনি রোকসানাকে এ বাসায় কাজ করতে দেন। মেয়েটির গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামে।