গৃহকর্মে নিয়োজিত শিশুদের নিয়ে কাল জাতীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শিশুশ্রমিকের ৯৩ শতাংশই গৃহকর্মে নিয়োজিত। এর মধ্যে ৮০ শতাংশ মেয়েশিশু। এদের অধিকার রক্ষায় কোনো আইন নেই। এ অবস্থার মধ্য দিয়েই ‘গৃহের অভ্যন্তরে আইনের বাইরে’ স্লোগান নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল মঙ্গলবার প্রথম জাতীয় শিশুশ্রমিকদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তুতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক), শ্রমজীবী শিশুদের সাথে আমরা এবং সেভ দ্য চিলড্রেন (সুইডেন-ডেনমার্ক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের ছয় বিভাগের ৪০০ শিশু গৃহকর্মী, ১০০ নিয়োগকারীসহ মোট এক হাজার জন অংশ নেবে। আসকের শিশু বিভাগের গীতা চক্রবর্তী জানান, গৃহকাজে নিয়োজিত শিশুদের মধ্যে শতভাগই জানিয়েছে, তারা এ কাজে থাকতে চায় না; কিন্তু বাবা-মায়ের দারিদ্র্যের কারণে নির্যাতনের শিকার হয়েও সেটি করা সম্ভব হয় না। আয়োজকেরা জানান, গৃহে কর্মরত শিশুদের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ‘গৃহে আবদ্ধ ও আইনের আওতারবহির্ভূত গৃহকাজে নিয়োজিত শিশুশ্রমিক: সরকার ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এক গবেষণা করা হয়েছে। পরিবারে খাবার নিশ্চিত হলে, পড়ালেখার পাশাপাশি গ্রামেই কোনো কাজের ব্যবস্থা থাকলে তারা কখনোই শহরমুখী হতো না বলে গবেষণায় শিশুরা জানিয়েছে। সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) পক্ষে উপস্থিত ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শামসুল আলম বলেন, কোনো শিশু কাজে যোগ দিতে গ্রাম থেকে শহরে আসা মাত্র পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এসব শিশুর অধিকার প্রতিষ্ঠা করতে হলে কোথায় সরকারের দৃষ্টি দেওয়া উচিত, সেটা নির্ধারণে এ সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে। সম্মেলনে সারা দেশে গৃহকর্মে নিয়োজিত শিশুরাই তাদের চাহিদার কথা বলবে। সম্মেলন থেকে পাওয়া সুপারিশগুলোসহ গবেষণাপত্রটি সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।শ্রমজীবী শিশুদের সাথে আমরা নেটওয়ার্কের মোসলেমা বারী বলেন, গ্রাম থেকে শহরে আসা অভিবাসী এই শিশুদের মৌলিক অধিকারটুকুও নিশ্চিত হয়নি। প্রথমবারের মতো তাদের অধিকার আদায়ের পদক্ষেপে সম্পৃক্ততাকে গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশুদের সাথে আমরা নেটওয়ার্কের ফজলুল হক চৌধুরী, শাহীন আক্তার ও আয়োজক তিন সংগঠনের কর্মীরা।