গৃহবধূ আজমেরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন না স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেগুনবাগিচা থেকে শিশুসন্তানসহ উদ্ধার হওয়া গৃহবধূ আজমেরী জেসি সুপ্তির চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন না স্বজনেরা। বিশেষজ্ঞরা বলেছেন, আজমেরী মানসিক রোগী। গতকাল বুধবার লক্ষ্মীপুর থেকে আজমেরীর মা ওয়াহিদা বেগম ও তাঁর দুই বোন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে আজমেরীকে শনাক্ত করেন। আজমেরী তাঁদের চিনতে পারেননি। তবে তাঁরা কেউই আজমেরীর চিকিৎসার দায়িত্ব নিতে চাননি। গত রোববার সেগুনবাগিচার অভিজাত ফ্ল্যাট বাড়ি থেকে আজমেরীকে এক বছর বয়সী একটি মেয়েসহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মানসিক অসুস্থতার কারণে তিনি নিজেকে স্বেচ্ছাবন্দী করে রেখেছিলেন। তাঁর ফ্ল্যাটটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল, দরজা-জানালা সব সময় বন্ধ রাখা হতো। পত্রিকায় ছবি দেখে গতকাল সকালে আজমেরীর মা পরিচয়ে ওয়াহিদা বেগম ভিকটিম সাপোর্ট সেন্টারে আসেন। ওয়াহিদার সঙ্গে তাঁর দুই মেয়ে বিউটি ও লিপি ছিলেন। তবে আজমেরী কাউকেই চিনতে পারেননি।ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনার শামীমা বেগম বলেন, মা ও বোন হিসেবে দাবিদার তিনজনকে আজমেরী চিনতে পারছেন না। ওয়াহিদা ছবি নিয়ে এসেছিলেন। তাতে মনে হয়, তিনি আজমেরীর মা। আজমেরী তাঁকে না চেনায় পুলিশ তাঁদের জিম্মায় আজমেরীকে দেয়নি। আজমেরীর সুচিকিৎসা ও সেবার দায়িত্ব নেওয়ার জন্য তাঁর মা ও বোনদের বলা হয়েছিল। তাঁরা সে দায়িত্ব নিতে চাননি। আজমেরী তাঁর ভাসুর আরশাদকে চিনতে পারলেও তিনি (আরশাদ) তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। পুলিশ আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায় তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছে। শামীমা বেগম বলেন, আজমেরীর স্বামী চিকিৎসার জন্য বর্তমানে ভারতে বলে জানিয়েছেন আরশাদ। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আজমেরীর মা বলেছেন, গত ২৯ অক্টোবর আজমেরীর স্বামী আশরাফ লক্ষ্মীপুরে তাঁদের (আজমেরীর বাবার বাড়ি) বাড়িতে গিয়েছিলেন। তখন আজমেরীর অসুস্থতার কথা বলেছেন।পুলিশ জানায়, গত দুই দিন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক আজমেরীর সঙ্গে কথা বলেছেন, তাঁর আচরণ পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকেরা বলেছেন, আজমেরী মানসিক রোগী।