গৃহবধূকে হত্যা, ৬ অস্বাভাবিক মৃত্যু
উত্তরখানে খাদিজা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া রাজধানীতে পৃথক ছয়টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গৃহবধূ খাদিজা উত্তরখানের পশ্চিমপাড়ার চামুরখানে থাকতেন। শুক্রবার মধ্যরাতে পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে খাদিজার লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল।পুলিশ জানায়, লাশ উদ্ধারের আগে খাদিজার স্বামী ময়েজ উদ্দিন তাঁদের সন্তান নিয়ে বাসা ছেড়ে পালিয়েছেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ময়েজ উদ্দিন পালিয়ে গেছেন।খাদিজার ছোট ভাই জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, শুক্রবার রাত আটটার দিকে তাঁর আরেক ভাই আক্কাস আলী উত্তরখানে খাদিজার ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা তালা লাগানো দেখতে পান। পরে জানালার ফাঁক দিয়ে দেখেন, বিছানায় কাঁথামুড়ি দিয়ে আছেন খাদিজা। উত্তরখান থানায় এ ঘটনা জানানো হলে পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে।জয়নাল দাবি করেন, ময়েজ উদ্দীনের পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁর বোনকে খুন করা হয়েছে। এ ব্যাপারে ময়েজ উদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি।ছয়টি অস্বাভাবিক মৃত্যু: গতকাল শনিবার সকালে মিরপুর থানার নাসিমবাগে একটি ভবন থেকে পড়ে ফখরুল ইসলাম ও আবদুল মোমিন নামের দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। মিরপুর থানার উপপরিদর্শক শফিউল্লাহ জানান, সকাল সাড়ে নয়টার দিকে ফখরুল ও মোমিন নাসিমবাগের এফ ব্লকের নির্মাণাধীন একটি ভবনের সাততলায় কাজ করছিলেন। একপর্যায়ে পা ফসকে পড়ে তাঁরা দুজন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। একই দিন সকালে পুলিশ খিলক্ষেতের খাঁপাড়া এলাকার বাসা থেকে খাদিজা বেগম নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। খাদিজা তাঁর স্বামী শাহ আলমের সঙ্গে ওই বাসায় থাকতেন। পুলিশের ভাষ্য, দাম্পত্য কলহের জের ধরে খাদিজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সকালে পুলিশ গুলশান-বাড্ডা লিংক রোড পুলিশ ফাঁড়ির কাছের একটি পুকুর থেকে বাসচালক ইমদাদুল হোসেনের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে স্থানীয় লোকজন বাড্ডার পুলিশ ফাঁড়ির কাছের একটি রেস্তোরাঁয় ইমদাদুলকে খাবার খেতে দেখেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। পরে গতকাল সকালে পুকুরে তাঁর ভাসমান লাশ পাওয়া যায়।মৃতের ভাই রেজাউল ইসলাম অভিযোগ করেন, ইমদাদুল সাঁতার জানতেন। তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। তিনি সপরিবারে রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের টঙ্গীতে থাকতেন।গতকাল সকালে তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ শামসুদ্দিন হাওলাদার (৬৫) আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টায় তাঁর মৃত্যু হয়। তিনি হাতিরঝিল নতুনপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কৃষষ্ণনগরে।গতকাল সকালে কাফরুল থানার পশ্চিম বাইশটেকি এলাকার ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপপরিদর্শক শফিকুর রহমান জানান, নবজাতকের বয়স এক দিন হতে পারে।