গৃহবধূসহ চারজনের অপমৃত্যু
রাজধানীতে গত দুই দিনে গৃহবধূসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সব কটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।গৃহবধূ হত্যা: সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গতকাল সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণ মান্ডার দানবের গলির এক বাসা থেকে নিপা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি খাটের ওপর পড়ে ছিল। এসআই বলেন, স্বামী সুমন, শাশুড়ি ও দুই বছরের এক সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন নিপা। ধারণা করা হচ্ছে, তাঁর মাথায় আঘাত করে স্বামী ও শাশুড়ি ওই সন্তান নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।যুবক হত্যা: গত রোববার রাত দুইটার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে রেজাউল করিম (১৮) নামের এক যুবক মারা গেছেন। তাঁকে ঝিগাতলা ট্যানারি মোড় এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কথা-কাটাকাটির জের ধরে কয়েকজন যুবক রেজাউল করিমকে ছুরিকাঘাতে খুন করে। ওই যুবকদের খোঁজা হচ্ছে। রেজাউলের খালা মিথিলা বেগম জানান, রেজাউল গুলিস্তানে একটি দোকানে চাকরি করতেন।আরও দুজনের মৃত্যু: গতকাল সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলমগীর হোসেন (২৮) নামের এক যুবক মারা যান।গুলশান থানার ওসি শাহ আলম বলেন, আলমগীর হোসেন ডাকাতের সদস্য। তাঁরা কয়েকজন বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় অস্ত্রের মুখে লোহা ডাকাতি করছিলেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে তাঁরা ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশও তাঁদের পিছু নেয়। প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর বাড্ডার নতুনবাজার এলাকায় আলমগীরসহ কয়েকজন চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে আলমগীর গুরুতর আহত হন। ওসি বলেন, পুলিশ আলমগীরসহ নয়জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যু ও ডাকাতি মামলা হয়েছে।এদিকে পল্লবী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা বলেন, গতকাল বিকেলে মিরপুরের একটি হাসপাতাল থেকে উম্মে হানি খাতুন (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মা-বাবা পুলিশকে জানান, তাঁরা মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার এক বাসায় সন্তান নিয়ে থাকতেন।