গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ, হাজারীবাগ ও দারুস সালাম এলাকা থেকে গত দুই দিনে সেতু মণ্ডল, শান্তা আক্তার ও সুরাইয়া বেগম নামে তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার এসআই মোহাম্মদ ইমরান জানান, গতকাল রোববার দুপুর একটার দিকে পূর্ব বাসাবোর ৯৭/বি চারতলা বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে সেতু মণ্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাসার কর্তা শুভ্র চন্দ্র মণ্ডল ও কর্ত্রী বিউটি পান্ডে বাসা তালাবদ্ধ করে বাইরে গিয়েছিলেন। দুপুর একটার দিকে তাঁরা ফিরে এসে তালা খুলে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সেতুর লাশ উদ্ধার করে। সেতু মণ্ডলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বৌবাড়ী এলাকায়। বাবা খিতিশ মণ্ডল।হাজারীবাগ থানার এসআই সাইদুর রহমান জানান, হাজারীবাগ মডেল টাউন এলাকার শাহজাহান মাস্টার মার্কেটের পেছনের একটি টিন শেডের বাসা থেকে শান্তা আক্তার নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক বিপর্যয়ের কারণে শান্তা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে গোদাবাড়ীর বৈশাখী সড়কের দ্বিতীয় কলোনি এলাকার একটি টিন শেডের বাসার দরজা ভেঙে সুরাইয়া বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। সুরাইয়া বিবাহিত ও গার্মেন্টসকর্মী ছিলেন। তাঁর স্বামী কামরুল ইসলাম লেখাপড়া করেন ও মিরপুরে থাকেন। মাঝেমধ্যে তিনি দ্বিতীয় কলোনির বাসায় আসতেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে মনোমালিন্যের কারণে অভিমান করে সুরাইয়া আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।