গৃহবধূসহ দুজনের অপমৃত্যু
রাজধানীতে গত শুক্রবার রাতে এক গৃহবধূসহ দুজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বিমানবন্দর থানা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কাজিমুদ্দিন (৮০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বলে জানান বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। সূত্র আরও জানায়, একই দিন রাত ১১টার দিকে সবুজবাগের ইস্টার্ন হাউজিংয়ের এক বাসা থেকে স্বপ্না বেগম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার এসআই মনসুর আহম্মেদ সাংবাদিকদের বলেন, স্বপ্না মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। স্বামী মহিদুল ইসলাম।