শ্রমিকদের মধ্যে গৃহশ্রমিকেরা সবচেয়ে অবহেলিত। তারা এখনো শ্রমিকের মর্যাদাই পায়নি। অন্যদিকে গণমাধ্যমে প্রতিদিনই ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনে গৃহশ্রমিকের মৃত্যুর খবর ছাপা হচ্ছে। গৃহশ্রমিকদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। পাশাপাশি ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০’ চূড়ান্ত হওয়াও জরুরি।গতকাল শনিবার গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব দাবি জানান।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার। তিনি বলেন, আগামী জুন মাসে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে বাংলাদেশের যেসব প্রতিনিধি অংশ নেবেন, তাঁরা যেন বাংলাদেশের গৃহশ্রমিকদের অধিকারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশের সভাপতি আবদুল কাদের হাওলাদার, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমিন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।