গেন্ডারিয়া, গাবতলীতে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়া ও গাবতলীতে পৃথক দুর্ঘটনায় গতকাল সোমবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গেন্ডারিয়ায় রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সাদা জামা ও কালো ট্রাউজার। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাঁর নাম, ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি।অপরদিকে ভোর সাড়ে চারটায় গাবতলীতে মিনিবাসের চাপায় আহত হন ট্রাকচালকের সহকারী কবীর হোসেন (২৫)। এ সময় তিনি গাবতলী ট্রাকস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।