গেন্ডারিয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু
প্রতিদিনের মতো মঙ্গলবারও জিসান হোসেন (৮) মায়ের সঙ্গে ফরিদাবাদ বৈশাখী হাউজিংয়ে গিয়েছিল। গৃহকর্মী মা যখন অন্যের বাসায় কাজে ব্যস্ত, তখনই বাসার ছাদে সমবয়সীদের সঙ্গে ঘুড়ি ওড়াতে যায় জিসান। শেষমেশ আর মায়ের সঙ্গে ঘরে ফেরা হয়নি ছোট্ট শিশুটির। বেলা দেড়টার দিকে সাততলার ছাদ থেকে পড়ে মারা যায় জিসান।
জিসানের মা জরিনা বেগম বলেন, তিনি ফরিদাবাদ বৈশাখী হাউজিংয়ের দোতলায় কাজ করেন। দুপুরবেলায় তিনি যখন কাজে ব্যস্ত ছিলেন, জিসান তখন চোখ ফাঁকি দিয়ে ঘুড়ি নিয়ে ছাদে চলে যায়। এর কিছুক্ষণ পরে শুনতে পান ভবনের নিচে একটি শিশু পড়ে আছে। পরে নিচে নেমে জিসানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
গুরুতর আহত অবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে পৃথক আরেক ঘটনায় সায়েদাবাদের বসন্ত গলিতে পাঁচতলা ভবন থেকে পড়ে আহত হয়েছে রাফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশু। শিশুটির মামা মো. রাফসান বলেছেন, রাফিয়া তার মা–বাবার সঙ্গে একটি পাঁচতলা ভবনে থাকে। মঙ্গলবার ওই ভবনের অন্য শিশুদের সঙ্গে খেলার সময় পড়ে যায় সে। একপর্যায়ে তিনতলার সানশেডে আটকে যায় রাফিয়া। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর সুত্রাপুরে ঘুড়ি ধরতে গিয়ে পা ফসকে সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায় মো. সালভি আল জিহাদ (১১) নামের এক শিশু।