গেন্ডারিয়ায় ছয়তলা ভবন হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ায় একটি ছয়তলা ভবন পাশের নির্মাণাধীন অপর একটি ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই বাড়ির ভাড়াটিয়া ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে হেলে পড়া ভবনটি খালি করে সিলগালা করে দেয়। রাতেও ভবনটির সামনে উৎসুক মানুষের ভিড় ছিল।জানা যায়, বেগমগঞ্জ লেনের ১৮/১/খ নম্বর প্লটে মাত্র এক কাঠা জায়গায় প্রায় আট বছর আগে গড়ে ওঠে ছয়তলা ভবনটি। কয়েক মাস আগে ওই ভবনের পাশে আরেকটি ছয়তলা ভবনের নির্মাণ শুরু হয়, যেটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।হেলে পড়া ভবন এবং নির্মাণাধীন ভবনের দূরত্ব মাত্র ছয় ইঞ্চি। হেলে পড়া ভবনের মালিক শহীদুল ইসলাম জানান, তিনি নিয়ম মেনে ভবন নির্মাণ করেছেন। ভবনটি এক বছর এ রকম অবস্থাতেই আছে। ভবনের কোথাও ফাটল ধরেনি বলেও তিনি রাজউক কর্মকর্তাদের কাছে দাবি করেন।তবে ভবনটি ত্রুটিপূর্ণ কি না রাজউক তা খতিয়ে দেখবে বলে কর্মকর্তারা জানান। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাসিন্দাদের অনুরোধ করলে তাঁরা বাড়ি খালি করে দেন। পরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়ার নির্দেশে বাড়িটি সিলগালা করে দেওয়া হয়। তিনি বলেন, মূলত এক কাঠা জায়গায় ছয়তলা ভবন নির্মাণের কারণে এটি হেলে পড়তে পারে। আগামীকাল এই ভবন ভাঙার কথা। গতকাল ঘটনাস্থলে স্থানীয় পুলিশ উপস্থিত ছিল।এর আগে গত ১১ মে রাজধানীর মোহাম্মদপুরে শেরশাহ্ সূরি রোডে ৪৩ নম্বর প্লটে একটি পাঁচতলা ভবন হেলে পড়ে। ১৩ মে রাজধানীর বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের চারতলা পুরোনো হোস্টেলে ফাটল ধরে এবং ৩ জুন ডেমরার সারুলিয়ায় একটি তিনতলা ভবন অপর একটি ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে।