রাজধানীর গেন্ডারিয়ায় গত শনিবার গভীর রাতে ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের একজন কমপক্ষে ১০০ ছিনতাইয়ে জড়িত।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গেন্ডারিয়া থানার নামাপাড়া রেললাইন বস্তির কাছে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি করে। এতে গেন্ডারিয়া থানার ওসি কাজী আমিনুর রহমান আহত হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মিলন ওরফে ভ্যান মিলন ওরফে সজীব, স্বপন, সজীব ওরফে রাজু ওরফে কাজল, মাসুদ ওরফে কালা মাসুদ, মিন্টু, রনি ও সাগর। তাদের কাছ থেকে গুলিসহ দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, বড় ছোরা, রামদা, চাপাতি ও পাঁচটি মুখোশ উদ্ধার করা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তার লোকজনের মধ্যে মিলন, স্বপন ও সজীবের পায়ে গুরুতর জখম আছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওসি রাজারবাগে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলেছে, মিলন কমপক্ষে ১০০ ছিনতাইয়ের ঘটনায় যুক্ত। এ ছাড়া এরা গেন্ডারিয়ায় সম্প্রতি একটি গণধর্ষণের ঘটনায়ও যুক্ত ছিল।
স্বামীবাগে আটক সাত: ওয়ারী থানার পুলিশ একই রাতে অভিযান চালিয়ে ডাকাতি চেষ্টার সময় সাতজনকে আটক করে। রাত পৌনে তিনটার দিকে স্বামীবাগে ওয়ান্ডারল্যান্ড পার্কের কাছে দেশীয় অস্ত্রসহ মো. লিটন, শুকুর আলী, মো. তারেক, মো. হৃদয় হোসেন, মো. ওমর ফারুক, মো. আলাউদ্দিন ও মো. কামাল হোসেনকে পুলিশ আটক করে।
জঙ্গি দমন অভিযানের অংশ হিসেবে অভিযান: পুলিশ বলেছে, জঙ্গি দমনের জন্য চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই পুলিশ সাত ডাকাতকে আটক করে। এক প্রশ্নের জবাবে সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওয়ারীতে এখনো কোনো জঙ্গি ধরা পড়েনি। তবে এখানে কোনো জঙ্গি নেই, এমন বলার সুযোগ কম। সাম্প্রতিক যে জঙ্গি হামলাগুলো ঘটছে, সেখানে জঙ্গিরা ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে। দেশে জঙ্গিদের সংখ্যা কম, যদিও তাদের নৃশংসতা ব্যাপক। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘোষণা দিয়ে অভিযান ঠিকই আছে। কারণ, পুলিশ ২৪ ঘণ্টা কাজ করলেও বিশেষ অভিযানে পুলিশ একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে, পুলিশের বিশেষ সম্পৃক্ততা থাকে।