গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল বুধবার সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম (৩৫) ও ওমর ফারুক (৩২) নামের দুজন দোকান কর্মচারী আহত হয়েছেন। দোকানমালিকের অভিযোগ, চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। আহত কর্মচারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গতকাল দুপুরে দুজন যুবক এম মোসলেম টেইলার্স অ্যান্ড ফেব্রিকস নামের একটি দোকানে এসে মালিককে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে ওই দোকানের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ওমর ফারুক হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। দোকানের মালিক এম মোসলেম উদ্দিন প্রথম আলোকে জানান, ইমন ও রবিন নামের দুই যুবক তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।