গেমস ঠিক আছে, আসক্তি না
‘মেঘ দেখে ভালুক মনে হয়? না কি তুমি দেখনি/তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেলনি/খাটটাকে মাঠ ভেবে একটু উপুড় হয়ে থাকনি/দেখ ডাকছে তোমায় আকাশটা/টিভি দেখো না—’
নব্বইয়ের দশকের শুরুতে অঞ্জন দত্ত টিভি ছেড়ে আকাশ দেখার পরামর্শ দিয়েছিলেন ছোটদের। বড়রা আকাশ দেখার সুযোগটাকে নানাভাবে ছেঁটে ফেলেছেন। ছোটরা বাধ্য হচ্ছে মুঠোফোন, কম্পিউটারে গেমস খেলে সময় কাটাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের পরীক্ষার ফলে, স্বাস্থ্যেও।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের প্রধান মো. আব্দুল মান্নান প্রায়ই ভিডিও গেমসে আসক্ত শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আসতে দেখছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘যেকোনো গ্যাজেটের ওপরই শিশুদের অতিরিক্ত নির্ভরশীলতা খারাপ। শিশু যে সমস্যা নিয়েই আসুক না কেন, আমি অভিভাবকদের বলি, শিশুকে এক ঘণ্টার বেশি কোনো গ্যাজেট ব্যবহার করতে দেবেন না। কথা ভালোভাবে বলতে শেখার সময়টায় যদি শিশু গ্যাজেট হাতে পায়, তাহলে শেখা শব্দও ভুলে যায়। অনেক শিশুর সারাক্ষণ চোখ পিটপিট করে। অনেক বাচ্চা মোটা হয়ে নানা রোগে ভুগছে। এটাও গ্যাজেটের ফল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সেলিনা বানু বলেন, প্রযুক্তির প্রভাব কেমন, সেটি নির্ভর করবে শিশু কতক্ষণ খেলছে, কী খেলছে। কিছু ভালো গেমস আছে, যেগুলো খেললে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়। কিন্তু প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়লে মুশকিল। অনেক বাবা-মা চঞ্চল শিশুকে নিয়ন্ত্রণ করতে মুঠোফোন বা কম্পিউটার দিয়ে বসিয়ে দেন। পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা, প্রয়োজনে এগিয়ে যাওয়া, সবার সঙ্গে মিশতে পারার দক্ষতা তারা ধীরে ধীরে হারিয়ে ফেলে।
রাজধানী ঢাকার বাসিন্দা এমন ১০টি পরিবারের অভিভাবক ও শিশুদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। মোহাম্মদপুরের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা বলেন, ‘আমার মেয়ের হাতে সব সময় আইপ্যাড। পরীক্ষায় খারাপ করায় ওর মা রাউটার ভেঙে ফেলেছিল। আমি আবার কিনে আনলাম। গেমস না খেলে করবেই বা কী?’ এর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, জানতে চাইলে বলেন, মেয়েটি অষ্টম শ্রেণির পর ফল কিছুটা খারাপ করেছে। কেজি ও পঞ্চম শ্রেণি পড়ুয়া দুই মেয়ের বাবা বলেন, বাচ্চাদের সময় কাটানোর মাধ্যম এখন মুঠোফোন ও কম্পিউটার। তাঁরা বাড়ি ফেরার পর থেকে মুঠোফোন আর নিজেদের হাতে পান না। থাকে সন্তানদের দখলে। বনানীতে থাকেন এমন এক বাবা কিছুতেই সন্তানদের আসক্তি কাটাতে পারছেন না। কম্পিউটার, মুঠোফোনে পাসওয়ার্ড পরিবর্তন করে করে তিনি ক্লান্ত। শিশুরা যতক্ষণ স্কুলে থাকছে, শিক্ষকের কাছে পড়ছে, সেটুকু সময় বাদে পুরো সময়টা কাটছে গেমস খেলে। ধানমন্ডির বাসিন্দা এক মা জানান, সাত বছরের ছেলেকে চশমা দিতে হয়েছে। চিকিৎসক বলেছেন, বেশিক্ষণ টিভি, কম্পিউটার ও মুঠোফোনে না খেললে বছর দু-এক পর চশমা ছাড়াই সে ভালো দেখতে পাবে।
সম্প্রতি বসুন্ধরা শপিং মলের খান ইলেকট্রনিকসে কথা হয় নূর মোহাম্মদের সঙ্গে। তিনি বলেন, ১০ বছর আগে যখন দোকানটি চালু হয়েছিল, তখন দিনে ২০-২৫টি গেমসের সিডি বিক্রি হতো। বছর দু-এক আগে দিনে প্রায় ৫০টির মতো গেমসের সিডি বিক্রি হলেও, এখন কিছুটা কমে গেছে বলে জানান তিনি। মূলত কিশোরেরা তাঁর দোকানের ক্রেতা। তারা গেমস খেলা কমিয়ে দেয়নি, বরং এখন ইন্টারনেট থেকে ডাউনলোড করছে। এখন গেমসের সিডির চেয়ে সরঞ্জাম, যেমন রাউটার, সহজেই বহনযোগ্য প্লেস্টোরগুলো বেশি জনপ্রিয়। সপ্তম তলায় যেখানে গেমস খেলা হয়, সেখানে অনেক অভিভাবক শিশুদের রেখে যান বলে জানান আমির খান নামের একজন দোকানমালিক।
গেমস খেলতে আসা ও কিনতে আসা দুই ধরনের শিশুকেই পাওয়া গেল এখানে। এদের একজন গুলশানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রথম আলোকে সে বলে, ‘মজা পাই বলে খেলি। আর কী করব?’ বাবা-মা বিজ্ঞান স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রকে ছেড়ে গিয়েছিলেন গেমস খেলতে। সে রাউটার দিয়ে টিভিতে কুস্তি খেলছিল। একসঙ্গে এই খেলাটি ছয়জন খেলতে পারে। ও কোন স্কুলে কোন ক্লাসে পড়ে—এ প্রশ্নের জবাব পাওয়া গেছে চারবার জিজ্ঞেস করার পর। টেলিভিশনের স্ক্রিন থেকে চোখ সরালেই পয়েন্ট হারানোর ভয়ে কথা বলতে চাইছিল না।
বাড়িতে বসে মুঠোফোনে, কম্পিউটারে দিনে দু-তিন ঘণ্টার বেশি গেমস খেলার কী প্রভাব পড়ছে শিশুদের ওপর, তা নিয়ে বড় কোনো গবেষণা নেই বাংলাদেশে। তবে সম্প্রতি আয়ারল্যান্ডের ন্যাশনাল ব্যুরো অব চিলড্রেন (এনবিসি) ‘আইসিটি অ্যান্ড মি’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে প্রায় এক হাজার শিশুর ওপর ২০১২-১৪ সাল পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। ওই প্রতিবেদন বলছে, তিন ঘণ্টার বেশি গেমস খেলে এমন শিক্ষার্থীদের মধ্যে ৪১ শতাংশ পাঁচটি বিষয়ে এ স্টার থেকে মাইনাস সি গ্রেড পর্যন্ত পেয়েছে। যারা আসক্ত নয়, তাদের মধ্যে একই গ্রেড পেয়েছে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী (৭৭ শতাংশ)। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও গেমসে আসক্ত শিশুদের ব্যাপারে স্কুলশিক্ষক ও অভিভাবকদের অভিযোগ ছিল, তারা স্কুলে নিয়মিত যাচ্ছে না, গেলেও সময়মতো যাচ্ছে না এবং ক্লাসে মনোযোগ দিচ্ছে না। তবে যেসব শিক্ষার্থী পড়ালেখার কাজে প্রযুক্তিকে ব্যবহার করেছে, তাদের ফল ছিল ভালো।
ঢাকা শহরের শিশুরা তাহলে কী করে সময় কাটাবে—এমন প্রশ্নে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু-কিশোর ও পারিবারিক মনোচিকিৎসা বিভাগের শিক্ষক হেলালউদ্দীন আহমেদ বলেন, প্রযুক্তি ব্যবহারে বাধা নেই। তবে আসক্তিটা ভালো নয়।