গোলাপবাগ মাঠ খেলার উপযোগী করুন মেয়রকে বললেন এলাকাবাসী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ মাঠ খেলাধুলার উপযোগী করা, নতুন পার্ক নির্মাণ, পানির সংকট নিরসনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে ‘মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন বাসিন্দারা। অনুষ্ঠানে তাঁদের এসব অভিযোগ শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ডিএসসিসির ৪৯ নম্বর ওয়ার্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধলপুরের বাসিন্দা মো. মিলন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গোলাপবাগ মাঠে মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণসামগ্রী পড়ে আছে। এতে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে আছে। মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলার কোনো মাঠ পাচ্ছে না। এ ছাড়া ডিএসসিসির এই ওয়ার্ডে কোনো শিশুপার্ক নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসির সঙ্গে যুক্ত হওয়া নতুন আটটি ইউনিয়ন পরিষদকে পরিকল্পিতভাবে আধুনিক শহরে রূপান্তর করা হবে। সে অনুযায়ী কাজ শুরু করা হয়েছে।