গোশত ধোয়ার জন্যও পানি টানতে হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোরবানির গোশত ধোয়ার জন্যও পাম্প থেকে পানি নিয়ে যেতে হবে। কারণ, বাসায় ওয়াসার যে পানি আসে তা ময়লা, দুর্গন্ধময়। ব্যবহারের অনুপযোগী। কিন্তু ধোয়া এবং রান্নার জন্য কত পানি টানা যাবে?’

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো কদমতলা পাম্পে পানি সংগ্রহ করতে এসে ক্ষোভের সঙ্গে এমন প্রশ্ন করেন বয়োজ্যেষ্ঠ আবদুস সামাদ। তিনি বললেন, ‘বছরের পর বছর ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও দুর্গন্ধ। আঞ্চলিক কার্যালয়ে নালিশ করে কোনো ফল হয় না। এটা এখন এলাকাবাসীর জন্য আসলেই যেন নিয়তি।’ পাম্প থেকে পানি সংগ্রহ করতে তাঁর সঙ্গে আসা নয় বছরের নাতি ইমরানের চোখে-মুখে আসন্ন ঈদের আনন্দের ছটা। সে নানাকে বলছিল, গোশত ধোয়ার জন্য সে নিজেই পানি নিয়ে যাবে।

গতকাল ছুটির দিনে এই পাম্পে পানি নিতে ভিড় করেছেন গৃহবধূ থেকে পরিচারিকা সবাই। ছবি তুলতে গেলে মুখ লুকাচ্ছিলেন একাধিক নারী। কদমতলার কালভার্ট রোডসংলগ্ন এলাকার গৃহবধূ তাহমিনা আক্তার তাঁর পরিচারিকাকে পাঠিয়েছেন পানি সংগ্রহ করতে। বললেন, ‘পানিতে শুধু গন্ধ নয়, ময়লাও আছে। পানি ফোটালে ফেনা ওঠে।’ গোরফান আলী নামের কদমতলা প্রাথমিক স্কুলের গলির বাসিন্দা বলেন, ঈদের ছুটি শুরু হয়েছে। গরু কেনার জন্য যাবেন আজ শনিবার। গতকাল বাসায় বিশ্রাম নেবেন বলে ভেবেছিলেন। কিন্তু পানি নিতে আসার জন্য বিশ্রাম হচ্ছে না।

কাঁচপুরে একটি পোশাক প্রস্তুতকারী কোম্পানিতে চাকরি করেন আবদুর রাজ্জাক। তাঁর ঈদের ছুটি সোমবার থেকে। দুই গ্যালন খাওয়ার পানি বাসায় দিয়ে তাঁকে ছুটতে হবে কর্মস্থলে। তিনি বললেন, অফিসে যাওয়ার আগে পানি সংগ্রহে প্রায় প্রতিদিনই আসতে হয় তাঁর। 

কদমতলা পাম্পে কর্তব্যরত একজন কর্মচারী বলেন, প্রজেক্টের (সায়েদাবাদ পানি শোধনাগার) পানি খারাপ হওয়ায় এলাকার পানিতে দুর্গন্ধ। তাই এলাকাবাসী পাম্প থেকে সরাসরি পানি নিতে অনেক রাতেও এখানে ভিড় করেন।

তবে ঢাকা ওয়াসার খিলগাঁও কার্যালয় থেকে বলা হয়, শোধনাগার থেকে সরবরাহ হওয়া পানিতে এখন ‘গন্ধ সমস্যা’ নেই। ড্রেনেজ বা পয়োলাইন ফুটো হয়ে পানির লাইনে মিশে থাকতে পারে।

মুগদা, মানিকনগর, ধলপুর, সায়েদাবাদ, গেন্ডারিয়া, তাঁতীবাজার, রাজার দেউড়ী, কবিরাজ লেনসহ বিভিন্ন স্থানে পানিতে ময়লা ও গন্ধ রয়েছে বলে জানা গেছে।

গোপীবাগ, আর কে মিশন রোড, পেয়াদাপাড়া, অভয় দাস লেন এলাকার বাসিন্দারা পড়েছেন বড় ধরনের সমস্যায়।
বাসায় পানি না থাকলে বা পানিতে গন্ধ থাকলে বালুর মাঠে অবস্থিত গোপীবাগ পাম্প থেকে পানি সংগ্রহ করেন তাঁরা। কিন্তু সেখানে কোরবানির হাট বসায় এখান থেকে পানি সংগ্রহ করা অসম্ভব হয়ে গেছে। পেয়াদাপাড়ার বাসিন্দা আবুল হোসেন জানান, বাসায় ওয়াসার পানির এমন অবস্থা যে হাত-পা ধুতেও খারাপ লাগে। বালুর মাঠে গিয়ে পানি সংগ্রহ করতে না পেরে তিনি রামকৃষ্ণ মিশন থেকে পানি এনেছেন। তবে সেখান থেকে সব সময় পানি সংগ্রহ করা সম্ভব নয়।