গোড়ানে গলি থেকে হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার
খিলগাঁওয়ের পূর্ব গোড়ান থেকে গতকাল শুক্রবার এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত হোটেল ব্যবসায়ীর নাম জয়নাল হাওলাদার (৪০)। রাজারবাগে ‘ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে তাঁর একটি হোটেল রয়েছে। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী মোটরচালক লীগের সহকারী সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বরগুনার নলিমাইদ্যা গ্রামে। তাঁর দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রী লাকি আক্তার ও এক মেয়েকে নিয়ে গোড়ানের একটি বাসায় থাকতেন তিনি। চার ভাই, তিন বোনের মধ্যে জয়নাল ছিলেন পঞ্চম।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমেনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্ব গোড়ানের ১০ নম্বর সড়কে দুটি বাড়ির মাঝের গলিতে জয়নালের লাশ পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সঙ্গে থাকা মুঠোফোন থেকে তাঁর স্ত্রীর নম্বরে ফোন দেয়। স্ত্রী এসে তাঁকে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, জয়নালের গলায় লাল-হলুদ প্রিন্টের একটি ওড়না জড়ানো ছিল। তাঁর পিঠ থেঁতলানো এবং জিহ্বায় কামড় দেওয়া ছিল।
জয়নালের ছোট ভাই মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে জয়নাল গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। এরপর রাত ১০টার দিকে হোটেলের জন্য কাঁচাবাজার করতে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা দেন। ভাবি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন জয়নাল ফেরেননি। মুঠোফোনে কল দিয়ে নম্বর বন্ধ পান। এরপর পুলিশের ফোন আসে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসরোধ করে জয়নালকে হত্যা করা হয়েছে। জয়নালের বড় ভাই এ ঘটনায় হত্যা মামলা করেছেন। কারা, কীভাবে, কী কারণে জয়নালকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখবে পুলিশ।