গো-কার্টে রোমাঞ্চকর রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড কোর্ট সাইডে চালু হয়েছে বিনোদনের নতুন আয়োজন ‘কোর্ট সাইড গো-কার্ট’। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। মাদানি অ্যাভিনিউ ১০০ ফিট রোড,২১ জানুয়ারি
ছবি: প্রথম আলো

গাছের সারির তলা দিয়ে আঁকাবাঁকা মসৃণ পিচঢালা সড়ক ঘুরে গেছে বৃত্তাকারে। তার উভয় পাশ দিয়ে কালো ও হলুদ রঙের দুটো করে গাড়ির টায়ার সাজিয়ে নিচু প্রাচীরের মতো সীমানা দেওয়া। দেখতে ঠিক অনেকটা টিভি পর্দায় দেখা ফর্মুলা ওয়ানের রেসের গাড়ির মতো। ১২টি গাড়ি দুই সারিতে থেমে আছে যাত্রা শুরুর জায়গায়। তবে এই গাড়িগুলো আকারে একটু ছোট। রোমাঞ্চপ্রিয় নানা বয়সী নগরবাসী টিকিট কেটে দাঁড়িয়েছেন এই টার্মিনালের সামনে। তাঁদের মধ্য থেকে ১২ জন উঠে বসছেন যাঁর যাঁর নম্বর দেওয়া গাড়িতে। সহকারীরা মাথায় হেলমেট পরিয়ে দিলেন। গাড়ির আসনের সঙ্গে আঁটসাঁট করে বেঁধে দিলেন বেল্ট, চালু করে দিলেন গাড়ির ইঞ্জিন। ব্যস, একে একে গাড়ি নিয়ে চালকেরা শোঁ শোঁ করে ছুটে গেলেন সড়কের দাগ অনুসরণ করে।

আজ শুক্রবার ছুটির দিন সকালে মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড কোর্ট সাইডে চালু হয়েছে বিনোদনের এই নতুন আয়োজন ‘কোর্ট সাইড গো-কার্ট’। ইউনাইটেড গ্রুপের কোর্ট সাইডে আগেই চালু হয়েছিল শেফস টেবিল রেস্তোরাঁ, বিনোদনের জন্য বিভিন্ন রাইড, প্রথমা প্রকাশনীর বুক ক্যাফে ইত্যাদি। এবার তাতে নতুন সংযোজিত হলো রোমাঞ্চকর গো-কার্ট।

সকালে ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা খন্দকার মইনুল আহসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কোর্ট সাইড গো-কার্টের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ, প্রতিষ্ঠানটির পরিচালক ও মালিক তালহা ইসলাম বারি, রিয়েল স্টেট বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, মার্কেটিং বিভাগের ফারুক হোসেন প্রমুখ।

মইনুদ্দিন হাসান রশিদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরের ভেতরে এই প্রথম গো-কার্ট চালু হলো। নগরবাসী যেন পারিবারিক পরিবেশে আনন্দ–বিনোদনের ভেতর দিয়ে সময় কাটাতে পারেন, এখানে আমরা সেই ব্যবস্থা করতে চেষ্টা করছি। নিরাপদ, খোলামেলা প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে। কোভিডের পরে দীর্ঘ সময় ঘরবন্দী থাকায় নাগরিক জীবনে একরকমের বিচ্ছিন্নতার বোধ তৈরি হয়েছে। এটা মানসিকভাবেও বিরূপ প্রভাব ফেলেছে। সে কারণে আপনজনদের সবার একত্রে একটা জায়গায় একটু অন্য রকম সময় কাটানোর সুযোগ থাকাটা জরুরি। এসব বিবেচনা করেই কোর্ট সাইডে গো-কার্ট চালু করা হলো।’

এই গো-কার্টে দুটো ট্র্যাকে জাপানের হোন্ডা কোর্টগুলো ছুটবে। পুরো প্রকল্পটি গড়ে উঠেছে ৪ দশমিক ৭ একর জায়গা নিয়ে। সার্কিট ট্র্যাকটি ৪৬০ মিটার, দেশে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় সার্কিট ট্র্যাক। চালকেরা একটি টিকিট কেটে তিনবার চক্কর দিতে পারবেন। তাতে চালানো হবে ১ দশমিক ৩ কিলোমিটার। খরচ হবে ৫০০ টাকা। তবে আজ উদ্বোধনী দিনে সুযোগ ছিল চারবার চক্কর দেওয়ার।

মাদানি অ্যাভিনিউ এর ইউনাইটেড কোর্ট সাইডে গো–কার্ট এর উদ্বোধনী দিনে গাড়ি চালাচ্ছেন রাইডারা। মাদানি অ্যাভিনিউ ১০০ ফিট রোড,২১ জানুয়ারি
ছবি: প্রথম আলো

গো-কার্ট এলাকাটি সুদৃশ্য করে সাজানো হয়েছে। টিকিট কাউন্টার ছাড়াও চালকদের জন্য টার্মিনাল, কার্ট চালানোর নিয়ম শেখার জায়গা, হালকা খাবারের রেস্তোরাঁ, রেস দেখার জন্য ট্র্যাকের পাশে বসার ব্যবস্থাসহ নানা রকম সুযোগ-সুবিধা রয়েছে। চালকদের সহযোগিতার জন্য আছেন এক দল সহায়তাকারী, বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা দেখামাত্র সহায়তার ব্যবস্থা করবেন তাঁরা। আছে জরুরি চিকিৎসা আর করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণের বন্দোবস্ত।

আয়োজকেরা জানালেন, এখানে দলবদ্ধভাবে কেউ রেস করতে এলে বা পরিবার নিয়ে এলে তাদের ক্ষেত্রে টিকিটের আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। এ ছাড়া নিয়মিত যাঁরা রেস করতে চান, তাঁদের জন্য বার্ষিক সদস্য হিসেবে কার্ড চালু করা, রেসের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। রোমাঞ্চপ্রিয়রা বিনোদনের নতুন অভিজ্ঞতা পেতে চাইলে আসতে পারেন কোর্ট সাইড গো-কার্টে।