গোডাউন অপসারণ, দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৩০ নম্বর রবীন্দ্র সরণিতে একটি আবাসিক ভবনকে মুরগির খাদ্য ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহার করে উৎকট দুর্গন্ধ সৃষ্টির অপরাধে অ্যাভোন অ্যানিমেল হেলথ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন।পরিবেশ অধিদপ্তর থেকে ৩১ আগস্টের মধ্যে আবাসিক এলাকা থেকে ওই গোডাউন স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা যায়, আবাসিক ভবনে মুরগির খাদ্য ও ওষুধের মজুদ রাখায় ওই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধে মানুষ স্বাস্থ্য সমস্যায় ভুগছে এবং পার্শ্ববর্তী আই কেয়ার হসপিটাল, উত্তরা মর্ডান হাসপাতাল, ক্রিসেন্ট হসপিটাল এ দুর্গন্ধে আক্রান্ত হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তিরা জানায়, বিষয়টি পুলিশসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও তারা প্রতিকার পায়নি। দুই বছর ধরে এ অসহনীয় অবস্থা চলছে। প্রতিষ্ঠানের মালিক গতকাল জরিমানা পরিশোধ করে প্রতিষ্ঠান অপসারণের অঙ্গীকার করেন।এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, ‘সুস্থভাবে বসবাস করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, এ অধিকার রক্ষায় পরিবেশ অধিদপ্তর নাগরিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।’