গোপনীয়তার সংস্কৃতির চেয়ে স্বচ্ছতার সংস্কৃতি কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যদানকারীরা এখনো তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। আর যাঁদের তথ্য দরকার, তাঁরা এখনো তথ্য চাওয়ার অধিকার সম্পর্কে সচেতন নন। কিন্তু তথ্য অধিকার শুধু জবাবদিহির ব্যাপার নয়, এটি জীবনযাত্রার উন্নয়নের হাতিয়ারও। মনে রাখতে হবে, গোপনীয়তার সংস্কৃতির চেয়ে স্বচ্ছতার সংস্কৃতি অনেক বেশি কঠিন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে তথ্য ফোরাম আয়োজিত তথ্য জানার অধিকারবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে বক্তারা এ ব্যাপারে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।আলোচনায় ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার আবু তাহের তথ্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন। সংবাদকর্মীদের ওপর বিশ্বাস স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য না দেওয়ার সংস্কৃতি ১০০ বছরের, আর দেওয়ার সংস্কৃতি মাত্র তিন বছরের। তাই এখানে জড়তা রয়েছে, অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। তবে এই দু-তিন বছরে মানুষের মধ্যে তথ্য দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটাও বেশ ইতিবাচক।সভাপতির বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গোপনীয়তার সংস্কৃতির চেয়ে স্বচ্ছতার সংস্কৃতি অনেক কঠিন। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তথ্যই ক্ষমতা। এই ক্ষমতা গুটিকয়েক ব্যক্তির কাছে সীমাবদ্ধ রাখার চেষ্টা হয়। তাই সাধারণ মানুষের ক্ষমতায়নে তথ্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সেমিনারে তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বেসরকারি সংস্থা নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবিরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাইদ আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন। সেমিনার শেষে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন। মেলায় আটটি সরকারিসহ মোট ৩১টি প্রতিষ্ঠান স্টল দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির জন্য চারটি ট্রাক রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি বুথ স্থাপন করা হয়। তথ্য জানতে চাওয়ার কৌশল সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে বলে টিআইবি থেকে জানানো হয়। মেলা উপলক্ষে স্টলগুলোতে সংগঠনের সদস্যরা তথ্য অধিকারবিষয়ক বিভিন্ন বই, লিফলেট ছাড়াও তথ্য অধিকারবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করেন। টিআইবির ইয়েস গ্রুপ, ব্র্যাক ও নিজেরা করির কর্মীরা মেলায় তথ্য অধিকার বিষয়ে নাটক ও গানের আয়োজন করেন।দুর্নীতিবিরোধী সমাবেশ আজ এদিকে, ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে তথ্য অধিকার আন্দোলন। আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে তা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সমাবেশ ও শোভাযাত্রা উদ্বোধন করবেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাজাহান।