গোপীবাগে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল থানার গোপীবাগের একটি বাসা থেকে গতকাল সোমবার পপি আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাসার গৃহকর্মী ছিল বলে পুলিশ জানিয়েছে। মতিঝিল থানার উপপরিদর্শক বাবুল আক্তার ভুঁইয়া জানান, খবর পেয়ে তাঁরা গতকাল দুপুর দুইটার দিকে গোপীবাগের ৩ নম্বর লেনের ১৫ নম্বর বাড়িতে যান। ওই বাড়ির চতুর্থ তলার বাসার একটি কক্ষ থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।জানা গেছে, বাসার মালিক আবুল কাশেম মজুমদার। তাঁর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গৃহকর্তা ও গৃহকর্ত্রী বাসায় ছিলেন না। ঘরে ফিরে এসে পপি আক্তারকে তাঁরা ওই অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ আরও জানায়, পপি আক্তারের বাড়ি ফেনীতে। তাঁর বাবার নাম শিশু মিয়া।