গোলাম আযমকে গ্রেপ্তারের দাবি
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে গোলাম আযম ও অন্যান্য যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করা ও যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল সম্পর্কে মওদুদ আহমদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের আদালতকে অবৈধ ও তা বাতিল করার জন্য বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্য বাঙালি জাতির বিরুদ্ধে নতুন এক ষড়যন্ত্র। মওদুদ আহমদের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী যুদ্ধাপরাধ বিষয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাম্প্রদায়িকতা-যুদ্ধাপরাধ-বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, সংগঠনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, সদস্য শিরীন আক্তার প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।