গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুতে হতাশ গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের নেতা গোলাম আযমের স্বাভাবিক মৃত্যু ‘হতাশার’ ও ‘বেদনাদায়ক’। কেননা, এই কুখ্যাত যুদ্ধাপরাধী তাঁর অপরাধের শাস্তি ভোগের আগেই মৃত্যুবরণ করেছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ‘অভিশাপ দিচ্ছি’ শিরোনামে গোলাম আযমের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিরোধী অপতৎপরতার দলিল ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। জাদুঘরের সামনে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী সোমবার রাত ১০টা পর্যন্ত চলবে।
এ সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, গোলাম আযমের অপরাধ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের নানা দলিল-দস্তাবেজ প্রদর্শন করে তাঁর সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এ আয়োজন।
এ সময় ইমরান বলেন, গোলাম আযমের অপরাধের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তাঁর স্বাভাবিক মৃত্যু কাম্য ছিল না। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে সে বিচার অর্থহীন।
গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে বিচারের ক্ষেত্রে ‘সরকারের রাজনৈতিক কালক্ষেপণকে’ দায়ী করে ইমরান বলেন, ‘রাষ্ট্রপক্ষের কাছে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পাঁচ বছর যথেষ্ট সময় নয়। বাকি যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যাতে এ রকম কালক্ষেপণ করা না হয়, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।’ গোলাম আযমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হওয়া ওই আনন্দ মিছিলে গণজাগরণ মঞ্চের কামাল পাশা সমর্থক অংশটি ছাড়াও টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
গোলাম আযমের মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি: গোলাম আযমের মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ), জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশন। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তান রক্ষার নামে গোলাম আযম যে অপরাধ করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাঁর কবর এ দেশে হলে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ অপবিত্র হবে।