গোড়ানে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোড়ানের একটি বস্তিতে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডে মোরশেদ ওরফে সুমন নামের আড়াই বছরের একটি শিশু আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হওয়া শিশুটির বড় ভাই আবুল কাশেমকে (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে গোড়ানের ৮ নম্বর গলির একটি বস্তির মতিনের ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মতিনের শিশু মোরশেদ পুড়ে মারা যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এর আগেই মতিনের আরেক ছেলে কাশেম মারাত্মক দগ্ধ হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আগুনে বস্তির তিনটি ঘর পুড়ে যায়। শিশুসন্তানকে হারিয়ে বস্তিবাসী মতিন ও তাঁর স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছিলেন।