গোড়ানে ইট দিয়ে মাথা থেঁতলে কিশোরকে হত্যা করল দুর্বৃত্তরা
রাজধানীর গোড়ানে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদশা মিয়া (১৫) নামের এক কিশোরকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ ও নিহত কিশোরের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর শাহজাহানপুরে বাদশা মিয়া তার বাবা ফিরোজ মিয়ার সঙ্গে মোটরসাইকেল মেরামত করত। গতকাল বিকেল তিনটার দিকে সে ওয়ার্কশপ থেকে গোড়ানের বাসায় যাচ্ছিল। বাসার কাছে চার-পাঁচজন যুবক তার পথরোধ করে। এ নিয়ে যুবকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে যুবকেরা তাকে মারধর করে। তারা ইটের আঘাতে বাদশার মাথা থেঁতলে দেয়। খবর পেয়ে বাসার লোকজন সংজ্ঞাহীন অবস্থায় বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল সোয়া পাঁচটায় সে মারা যায়।বাদশার বাবা ফিরোজ মিয়া সাংবাদিকদের বলেন, স্থানীয় যুবকেরাই তাঁর ছেলেকে হত্যা করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না ।খিলগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল প্রথম আলোকে জানান, ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।