গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গণমিছিল করতে দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের মতো ঢাকায়ও ‘তাণ্ডব’ চালানোর পরিকল্পনা ছিল বিএনপির—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ঢাকায় বিএনপিকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়নি।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি নামের একটি সংগঠন ‘যুদ্ধাপরাধীদের বিচার করা এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে’ ওই আলোচনা সভার আয়োজন করে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সম্ভাব্য সরকার পতনের আন্দোলনের হুমকি সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাটি চালান দিলেও ১৮ দলে সব দলের লোক পাওয়া যাবে না। তারা দুটি মামলাতেই কুপোকাত হয়ে গেছে। সুতরাং, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, ‘বাঁকা পথ পরিহার করে সোজা পথে আসুন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদে আসুন। আমরা আলোচনার জন্য রাজি।’তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি বিএনপির মূল বিষয় নয় বলেও দাবি করেন আইন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারসহ বিভিন্ন বিচার বানচাল এবং কোনো তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোই তাদের (বিএনপি) মূল লক্ষ্য।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের নেতা সতীশ চন্দ্র রায়, হাজি মো. সেলিম প্রমুখ বক্তব্য দেন।