গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে নগরে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ হয়েছে। বিদ্যুৎ-পানি-গ্যাস আদায় সংগ্রাম পরিষদ বিকেলে রাজধানীর মুক্তাঙ্গন এলাকায় মিছিল ও সমাবেশ করে। এর আগে দুপুরে মহাখালী এলাকাবাসী তিতুমীর কলেজের সামনে অবরোধ করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গতকাল ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, একনাগাড়ে দুই ঘণ্টা লোডশেডিং জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। গত দেড় বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি খাতে অগ্রগতি না হওয়ায় তাঁরা হতাশা প্রকাশ করেন। মুক্তাঙ্গনে বিক্ষোভ: গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে গতকাল মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই একবিংশ শতাব্দীতে দেশ অন্ধকারে নিমজ্জিত। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধান না করে নাম বদলের নামে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এটা জনগণের সঙ্গে প্রহসনের শামিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। মহাখালীতে অবরোধ: পানির দাবিতে মহাখালীর তিতুমীর কলেজের সামনে গতকাল দুপুরে শতাধিক লোক অবরোধ করেছেন। অবরোধকারীদের অধিকাংশই ছিলেন নারী। তাঁরা কলসি ও বালতি নিয়ে অবরোধে অংশ নেন। অবরোধকারীরা ‘পানি চাই, পানি চাই’ বলে স্লোগান দেন। অবরোধে সড়কে যানজট দেখা দিলে পুলিশ এসে তাঁদের একপাশে সরে যাওয়ার অনুরোধ জানায়। তাঁরা রাস্তার এক প্রান্তে সরে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এলাকাবাসী বলেন, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় প্রায় এক মাস ধরে পানির কষ্ট, বিশেষ করে ‘গ’ ব্লক এলাকায় হাত ধোয়ার মতো পানিও পাওয়া যাচ্ছে না। ওয়াসা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পরও তারা সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি। একপর্যায়ে পুলিশ অবরোধকারীদের আবারও ওয়াসা কর্তৃপক্ষের কাছে তাঁদের আবেদন জানানোর অনুরোধ জানালে তাঁরা গতকালের মতো অবরোধ তুলে নেন। পরে কয়েকজন এলাকাবাসী গুলশানে অবস্থিত ওয়াসার পাঁচ নম্বর আঞ্চলিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এলাকাবাসীর পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, তাঁরা শান্তিপূর্ণ অবরোধ করেছেন। ওয়াসাকে পানির সমস্যা কমিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। সমস্যা না কমলে তাঁরা আবার রাস্তায় নামবেন। প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার নাখালপাড়া বড় মসজিদের গলিতে এলাকাবাসী পানির দাবিতে বিক্ষোভ করতে চাইলে পুলিশ মোতায়েন করা হয়।