গ্যাস-সংকটে অনেক বাসায় ইফতারি তৈরি হচ্ছে না
‘বাসায় খাবার তৈরি করে সবাই মিলে ইফতার করার কোনো উপায় নেই। বিকেলে বাইরে গিয়ে দোকান থেকে খাবার কিনে আনতে হয়েছে। সন্ধ্যায় নামাজ শেষে নিবু নিবু গ্যাস আসছে। এতে রাতের রান্না হবে কি না জানি না। তিন-চার মাস ধরে এই অবস্থার মধ্যে আছি। এর কি কোনো সমাধান আছে?’গতকাল বৃহস্পতিবার প্রথম রোজায় ঠিকভাবে ইফতার করতে না পারায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবনের বাসিন্দা আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ইয়াসমিন বেগম বেশ খানিকটা ক্ষুব্ধ হয়েই কথাগুলো এই প্রতিবেদককে শোনালেন। এ অবস্থা বুয়েট আবাসিক ভবনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে। এখন রোজার সময় বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট আছে। প্রথম আলো কার্যালয়ে ভুক্তভোগীরা ফোন করে নিজেদের কষ্টের কথাও জানিয়েছেন। গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম আলোতে ফোন করেন মোহাম্মদপুরের শেখেরটেক ৩ নম্বর সড়কের এক বাসিন্দা। তিনি বলেন, প্রতিদিন সকাল নয়টায় গ্যাস চলে যায়। দুপুরে ঘণ্টাদুয়ের জন্য গ্যাস থাকে। ইফতারের আগে বাসায় গ্যাস না থাকায় তিনি ফোন করেছিলেন। পুরান ঢাকার শেখ সাহেব বাজারে প্রায় এক বছর ধরে গ্যাস সংকট চলছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাত ১০টার পর গ্যাস আসে, আবার সকাল সাতটার আগেই চলে যায়। দিনের রান্না করতে হয় ভোর রাতে। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সমাধান পাইনি।’ তিনি বলেন, ‘বাড়ির ভাড়াটিয়ারা চলে যাচ্ছে, আমরা যাব কোথায়?’ শেখ সাহেববাজার ও সংলগ্ন লালবাগের রসুলবাগ, চৌধুরী বাজার, কাশ্মেরীটোলা লেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবন, পলাশী, ঢাকেশ্বরী রোড, মিরপুরের মণিপুর, হাজারীবাগসহ গোটা এলাকায় একই ধরনের সমস্যা চলছে। ১৩৯ নম্বর শেখ সাহেববাজারের বাসিন্দা মীর মোহাম্মদ নেওয়াজ আলী বলেন, গোটা এলাকার মানুষকে এখন রাস্তার খাবার দিয়ে ইফতার করতে হবে। এলাকার কাউন্সিলর মীর আশরাফ আলীও ভুক্তভোগী বাসিন্দাদের একজন। তিনি বলেন, ‘তিন মাস আগে এই সংকট তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) লিখিতভাবে জানিয়েছি। সমস্যা তুলে ধরেছি। গণস্বাক্ষরসংবলিত আবেদনও করেছি। কিন্তু কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।’ সমস্যায় আছেন পুরান ঢাকার রসুলবাগের বাসিন্দারাও। এলাকার আলমগীর হোসেন বলেন, দুই বছর দুপুরে গ্যাস থাকত না। এখন ছয় মাস ধরে মধ্যরাতের পর গ্যাস আসে। ১৮৬/২ নম্বর বাসার গৃহবধূ ডালিয়া বলেন, ‘ফজরের সময় উঠে রান্না করি। সারা দিন একটু পানি ফুটাতে চাইলেও পারি না।’ নগরের পলাশী এলাকার বুয়েট স্টাফ কোয়ার্টারে ১২টি পাঁচ তলা ভবনের ১২০টি বাসায় দুই শতাধিক পরিবারের বসবাস। এখানে প্রতিটি ভবনে গ্যাসের সমস্যা। বাসিন্দারা বলেছেন, দিনের বেলায় গ্যাস থাকে না, রাতে আসে। সব রান্না-বান্না করতে হয় রাতে। পাশের ঢাকেশ্বরী রোড, পলাশী, খাজে দেওয়ান প্রথম ও দ্বিতীয় লেনের শত শত বাড়ির একই সমস্যা। এ বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রথম আলোকে বলেন, পুরোনো সংযোগ লাইনের ত্রুটির কারণে এবং অতিরিক্ত জনসংখ্যার চাপে এই সমস্যার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তিতাসের একজন ব্যবস্থাপক বলেন, যে সময় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে তখনকার তুলনায় বাড়ি ও জনসংখ্যা বেড়েছে কয়েকগুণ। ফলে পুরোনো লাইন প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে পারছে না। এ ব্যাপারে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান সংকটের সমাধান পর্যায়ক্রমে হবে এমন পরিকল্পনার কথা বলেন। পুরোনো পাইপ সরিয়ে মোটা পাইপ বসানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, যেসব এলাকায় সংকট বেশি সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে সমস্যার সমাধান করা হবে।