গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর ও আশপাশের এলাকা, গুলশানের ১ ও ২ নম্বর এলাকা, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সমস্যা থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের দায়িত্বশীল সূত্র জানায়, কাকলী চেয়ারম্যানবাড়ির পার্শ্ববর্তী স্টাফ রোড এলাকায় ঢাকা উড়ালসড়ক এক্সপ্রেসের (এলিভেটেড এক্সপ্রেস) জন্য জায়গা ছেড়ে দিতে সেখানকার ১২ ইঞ্চি গ্যাস পাইপলাইন স্থানান্তরিত করতে হচ্ছে। এ জন্য উল্লিখিত এলাকাগুলোর কিছু অংশে গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে। এসব এলাকায় বসবাসকারীদের সকালের মধ্যে রান্নার কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক ফায়জার রহমান গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এসব এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে, এমন নয়। গ্যাসের লাইনে স্বল্প চাপের কারণে সমস্যা হতে পারে। বিকেলের পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।