গ্রন্থমেলার প্রস্তুতিতে মুখরিত বাংলা একাডেমী প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে ঠুকঠাক শব্দ। নাকে ভেসে আসছে রঙের গন্ধ। নির্মাণকর্মীদের দম ফেলার ফুরসত নেই। স্টলের ভেতরে রং করা, বাইরের কারুকাজ—এসব নিয়েই দারুণ ব্যস্ত তাঁরা। বাংলা একাডেমী চত্বরে দিন-রাত কাজ চলছে। অমর একুশের গ্রন্থমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। মেলার অবকাঠামোগত নির্মাণকাজের পাশাপাশি দ্রুত এগোচ্ছে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের কাজও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাষ্ট্রভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে গ্রন্থমেলার উদ্বোধন এবং হাউসে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের দ্বারোদ্ঘাটন করবেন। গতকাল শনিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মেলা কমিটির সদস্যসচিব ও একাডেমীর পরিচালক শাহিদা খাতুন জানান, এবার ২৯০টি প্রতিষ্ঠানকে ৫২২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী আজ রোববার বিকেল চারটার মধ্যে স্টল সাজানোর কাজ শেষ করতে হবে। বিকেল পাঁচটায় গ্রন্থমেলা পরিচালনা কমিটি স্টল পরিদর্শন করবে। এ সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান স্টল সাজানোর কাজ শেষ না করতে পারলে বরাদ্দ বাতিল করা হবে। স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগ: স্টল বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নীতিমালা অনুসারে স্টল পাওয়ার যোগ্য নয় এমন কিছু প্রতিষ্ঠানকে যেমন স্টল দেওয়া হয়েছে, তেমনি এক ইউনিট পাওয়ার যোগ্য কিছু প্রতিষ্ঠানকে তিন ইউনিট পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মেলার নীতিমালার ১১ ধারায় উল্লিখিত স্টল পাওয়ার যোগ্যতা আমলে নেওয়া হয়নি। নীতিমালায় আছে, তিন ইউনিট স্টলের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪০০ বই থাকতে হবে। শুধু তা-ই নয়, মাত্র ১০-১৫টি বই আছে এমন প্রতিষ্ঠানও পেয়েছে স্টল। নাম প্রকাশে অনিচ্ছুক মেলা কমিটির কয়েকজন সদস্য প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, বাংলা একাডেমীতে দায়িত্বরত কয়েকজন ব্যক্তি ও কমিটির এক লেখক-সদস্য তাঁদের লেখা বই যারা ছেপেছে, তাদের বড় স্টল দেওয়ার ব্যাপারে প্রভাব খাটিয়েছেন। এ ছাড়া স্টল বরাদ্দের জন্য একটি কমিটি থাকলেও ওই কমিটিকে পাশ কাটিয়ে অনেককে স্টল দেওয়া হয়েছে। কমিটির সদস্য এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ওসমান গনি প্রথম আলোকে বলেন, মেলা কমিটির নীতিমালা পুরোপুরি মানা হলে এবার সর্বোচ্চ ১১টি প্রকাশনা প্রতিষ্ঠানকে তিন ইউনিটের স্টল দেওয়া যেত। প্রথম দিকে কমিটির এমনই সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমানে ২৯টি প্রতিষ্ঠানকে তিন ইউনিটের স্টল দেওয়া হচ্ছে। পরিচালনা কমিটির সদস্য ও সংস্কৃতিব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘মেলা পরিচালনা করতে গিয়ে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ থাকে। এগুলো মীমাংসা করতে গিয়ে কিছু ব্যাপারে শিথিল হতে হয়। তবে আমরা চেষ্টা করেছি পেশাদারির দিক থেকে যতটুকু সম্ভব নীতিমালা মেনে চলতে।’ তবে স্টল বরাদ্দে নীতিমালা লঙ্ঘনের অভিযোগের ব্যাপারটি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, অন্যবারের চেয়ে এবার অনেক স্বচ্ছ প্রক্রিয়ায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি এবার সব প্রতিনিধির সামনে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। নেটবই বিক্রি করা যাবে না: এবারের মেলায় কড়াকড়িভাবে নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সংস্কৃতিসচিব ও গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নতুন বইয়ের কপি বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মেলায় কোনো নেটবই বিক্রি করা যাবে না। নেটবই বিক্রি নিয়ন্ত্রণ করতে মেলায় টাস্কফোর্স টহল দেবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার বরাদ্দ বাতিল করা হবে। এ ছাড়া এবার কপিরাইটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।’নানান দেশের ভাষার কবিতা সংকলন: গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমী একটি ভাষাবিষয়ক কবিতার বই প্রকাশের উদ্যোগ নিয়েছে বলে জানান মহাপরিচালক শামসুজ্জামান খান। সেখানে থাকবে ৫৭টি দেশের কবিদের ভাষাবিষয়ক কবিতা। সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বইটি সংকলন করেছেন। মেলার প্রথম সপ্তাহে এটি প্রকাশিত হবে। সর্বশেষ অবস্থা: মেলার বাকি আর মাত্র এক দিন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যস্ত শিল্পী আবু হাসান বলেন, ‘একটু দেরিতে স্টল বুঝে পাওয়ায় কাজ শেষ করতে আমাদের তাড়াহুড়া করতে হচ্ছে। একটি দিন আগে স্টল পেলে এতটা তাড়াহুড়া করতে হতো না। এভাবে আয়োজক, অংশগ্রহণকারী সবার ব্যস্ততার সফল পরিণতিতে মেলার ঝাঁপ খুলবে পয়লা ফেব্রুয়ারি।’