গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু তাঁর শাসনামলে এ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। দেশ ডিজিটালি অনেক এগোলেও গ্রাম পুলিশের কোনো উন্নতি হয়নি।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাহিনীর জাতীয় বেতন স্কেল নির্ধারণ করে দিয়েছিলেন। ১৯৭৬ সালে নির্ধারণ করা সেই স্কেল বাস্তবায়ন করতে তৎকালীন সব মহকুমায় নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশ আজ পর্যন্ত কার্যকর হয়নি।’

ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, ‘গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। ৪৭ হাজার গ্রাম পুলিশ না খেয়ে আছে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর এই কাজটা সম্পূর্ণ করুন।’

মানববন্ধনে প্রায় এক হাজার গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল।