গ্রামগুলোকে উন্নয়নের কেন্দ্রবিন্দু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান নগর পরিকল্পনায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য নগর পরিকল্পনাবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবগঠিত ‘বাংলাদেশ আরবান ফোরাম’-এর উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। ‘সবার জন্য নগরকে উপযোগী করা’—এ প্রতিপাদ্যের ভিত্তিতে আরবান ফোরামের প্রথম অধিবেশন গতকাল শুরু হয়েছে। এতে পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।ফোরামের তিন দিনের ২০টি অধিবেশনে দ্রুত নগরায়ণ থেকে সৃষ্ট দারিদ্র্য, পুষ্টি ও স্বাস্থ্য, সুশাসন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও ঐতিহ্য নিয়ে আলোচনা হবে। চলতি বছরের ২০ অক্টোবর বাংলাদেশ আরবান ফোরাম গঠিত হয়। এ ফোরামের প্রধান লক্ষ্য হচ্ছে, অংশীদারি সৃষ্টি, সমন্বয় ও টেকসই নগর উন্নয়নের মাধ্যমে শহর ও নগরগুলো সবার জন্য উপযোগী করে গড়ে তোলা।জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্বকে ‘নগরায়িত বিশ্ব’ বলা হয়। কারণ, এখন বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি শহরে বাস করে। নগরায়ণকে পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও সুষম করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।দেশে নগরায়ণের উচ্চ হারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় পাঁচ কোটি মানুষ এখন শহরে বাস করছে। তিনি বলেন, পরিকল্পনাবিদদের মতে, ‘নগর জনসংখ্যা’ বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামী চার দশকের মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নগরবাসী হবে।রাষ্ট্রপতি বলেন, বিপুল জনশক্তির আবাসনসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে শহরের পাশাপাশি গ্রামগুলোকেও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। গ্রামের উন্নয়ন ছাড়া শহরমুখী মানুষের স্রোত রোধ করা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকার সময়োপযোগী জাতীয় নগরনীতি, স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও বহুমুখী অংশীদারি—এ তিনটি বিষয় অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে কাজ করছে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, রাজধানীতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।জাতিসংঘ আবাসিক সমন্বয়ক নীল ওয়াকার বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশকে অবশ্যই সুষম নগরায়ণে সাফল্য অর্জন করতে হবে।এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বক্তব্য দেন। গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।