গ্রামীণ অবকাঠামোয় শহুরে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নদ আর দুটি খাল ঘিরে আছে এলাকাটিকে। অবৈধ দখল আর দূষণে পানি কালচে বর্ণ নিয়েছে। অধিকাংশ রাস্তাই কাঁচা। খেতের আল নিয়ে চলতে হয়। বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। বেশির ভাগ বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই।

এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত ৭৫ নম্বর ওয়ার্ডের। নাসিরাবাদ ইউনিয়নের ১২টি গ্রাম নিয়ে এই ওয়ার্ড। এর মধ্যে ফকিরখালী (আংশিক), ইদারকান্দি, বালুরপাড়, বাবুর জায়গা, দাসেরকান্দি, নাসিরাবাদ নতুনপাড়া এবং ত্রিমোহনী গ্রাম পানিবন্দী। যোগাযোগের সবচেয়ে বাজে দশা এই গ্রামগুলোতে।

৮ দশমিক ৬২ বর্গমাইল আয়তনের এই ওয়ার্ডে ৮০ হাজারের বেশি মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা এখনো কৃষিকাজ ও গবাদিপশু পালন করেই জীবিকা নির্বাহ করেন।

নড়াই নদ এই ওয়ার্ডকে দুই ভাগ করেছে। নদের উত্তরের এই সাতটি গ্রাম অনেকটা দ্বীপের মতো বিচ্ছিন্ন। আর দক্ষিণে থাকা পাঁচটি গ্রামের সঙ্গে অন্য এলাকার সড়ক যোগাযোগ আছে।

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের তথ্যমতে, ওয়ার্ডটিতে প্রায় ৩১ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক। এ ছাড়া ৩ কিলোমিটার রাস্তায় ইট বিছানো। বাকি প্রায় ২১ কিলোমিটার রাস্তা কাঁচা। বাসিন্দারা বলেন, নড়াই নদের উত্তরে সাতটি গ্রামে কোনো পাকা সড়ক নেই। এলাকাবাসী নিজেদের উদ্যোগে কয়েকটি কাঁচা রাস্তা নির্মাণ করেছেন। শুষ্ক মৌসুমে খেতের আল দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হয়। আর বর্ষায় ডিঙি নৌকাই ভরসা।

আর নদের অন্য পারের বাসিন্দাদের অভিযোগ, সড়কগুলো ভাঙাচোরা। রাস্তার এমন বেহাল দশার কারণে রিকশা বা অটোরিকশাচালকেরা সেখানে ভাড়ায় যেতে চান না। তাই চলাচলে কষ্ট হয়।

ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাওয়ার পানির সংকট রয়েছে। নদের উত্তরের গ্রামগুলোতে ওয়াসার পানির সংযোগ নেই। সেখানে চাপকলই ভরসা। আর দক্ষিণে কিছু বাসায় ওয়াসার পানির সংযোগ আছে। বাকিরা নিজেদের উদ্যোগে গভীর নলকূপ বসিয়েছেন।

নাসিরাবাদে গ্রামবাসীর উদ্যোগে পাঁচটি গভীর নলকূপ বসানো হয়েছে। এক একটি নলকূপ বসাতে প্রায় পৌনে দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে

এলাকাবাসী জানিয়েছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি মাসে পানির ব্যবহার আর বিদ্যুৎ বিল বাবদ একেকটি পরিবারকে ৫০-৬০ টাকা ভাড়া দিয়ে হয়।

এ ছাড়া যত্রতত্র আবর্জনার ভাগাড়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকার পরিবেশ নোংরা হচ্ছে। দীর্ঘদিনেও সেখানে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। বেশির ভাগ বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এখন পর্যন্ত কোনো কলেজ, সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়নি। সেই সঙ্গে কোনো কমিউনিটি সেন্টার বা বিনোদনের পার্ক নেই।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডটির চলাচলের প্রধান রাস্তা ত্রিমোহনী সড়কটির নন্দীপাড়ার গোলারবাড়ি মোড় থেকে ত্রিমোহনী সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশটি জায়গায় জায়গায় ভাঙা আর খানাখন্দে ভরা। চলাচলের সময় বড় যানবাহনের এক পাশ ঝুঁকিপূর্ণভাবে কাত হয়ে যায়।

ত্রিমোহনীর বাসিন্দা লিয়াকত আলী বলেন, ওই সড়কের খালের পাশটি দিন দিন দেবে যাচ্ছে। এতে গাড়িগুলো কাত হয়ে থাকে। এটি দ্রুত মেরামত না করা হলে যেকোনো দিন যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

এ ছাড়া এলাকাবাসীর চলাচলের অন্যতম রাস্তা গৌড়নগর সড়ক। প্রায় দুই কিলোমিটার দূরত্বের এই রাস্তাটিতে ইট বিছানো হয়েছিল বহু বছর আগে। পাকা আর করা হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটিও নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়ে ইটের অস্তিত্ব নেই। রাস্তায় প্রচুর ধুলা।

নেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। এলাকায় কোনো কলেজও নেই। অন্যদিকে যোগাযোগের ব্যবস্থা ভালো না হওয়ায় প্রতিদিন যাতায়াত করে কলেজে পড়াশোনা করতে অনেক খরচ হয়। এ কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আগ্রহ হারিয়ে ফেলেন।

ফকিরখালির সিয়াম মালিবাগের একটি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে। সে জানায়, কয়েক ধাপে ভেঙে ভেঙে কলেজে যেতে হয়। প্রথমে বাঁশের সাঁকোতে নদ পেরিয়ে ইটখোলা, সেখান থেকে অটোরিকশায় করে ত্রিমোহনী বাজার, বাজার থেকে আবার সিএনজিচালিত অটোরিকশায় করে খিলগাঁও। তারপর কলেজে। এতে প্রচুর অর্থ ও সময় নষ্ট হয় বলে সে জানায়।

নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের অনেক সমস্যা আছে জানিয়ে নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘নাসিরাবাদে অনেক নাগরিক সুবিধাই নেই। আমরা বিভিন্ন সময় পরিকল্পনা করে বিভিন্ন প্রকল্পের জন্য প্রস্তাব রেখেছিলাম। কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি।’