গ্রামীণ নারী উদ্যোক্তাদের গল্পগাথা
বগুড়ার গাবতলীর নূরজাহান বেগম, ফরিদপুর সদরের হালিমা বেগম, পটুয়াখালীর গলাচিপার নূরজাহান বেগম এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের মিতি বেগম তাঁদের গৃহিণী থেকে নারী কৃষি উদ্যোক্তা হওয়ার গল্প শোনালেন এক অনুষ্ঠানে। বাংলাদেশের মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন (এমএমডব্লিওডব্লিউ) প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশের আয়োজনে গ্রামীণ নারী উদ্যোক্তাদের গল্পগাথা শীর্ষক ওয়েবিনারে তাঁরা এ গল্প শোনান।
ওয়েবিনারে জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আব্দুর রউফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এমএমডব্লিওডব্লিউ প্রকল্পের অভিজ্ঞতা এবং গ্রামীণ কৃষি উদ্যোক্তাদের বক্তব্য অনুসারে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা রূপকল্প-২০৪১ অর্জনে গ্রামীণ নারীদের কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত হতে পারে।
বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত একশনএইডের এ ওয়েবিনার অনুষ্ঠিত হয় গত ২৪ ডিসেম্বরে। ওয়েবিনারে সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম, পলিসি ও ক্যাম্পেইন) আসগর আলী সাবরী। ওয়েবিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন এমএমডব্লিওডব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শওকত আকবর ফকির।