গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করায় ৪০৫ শিক্ষকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে ব্যাবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ৪০৫ জন শিক্ষক। গতকাল সোমবার এসব শিক্ষক অভিযোগ করেছেন, সরকার প্রতিহিংসাবশত এমন কাজ করছে।ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) নামে ওই সংগঠনের বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার প্রতিহিংসা ও প্রতিজিঘাংসার বশবর্তী হয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যে ষড়যন্ত্র করছে, তাতে সবাই গভীরভাবে উদ্বিগ্ন।ইউট্যাবের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার এবং মহাসচিব তাহমিনা আখতার বিবৃতিতে সই করেছেন। এ ছাড়া আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শহীদুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাব্বির মোস্তাফা খান, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খলিলুর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ফরিদ আহমেদ, সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল্লাহ আনসারী ও মো. নজরুল ইসলাম মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোস্তফাসহ ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০৫ জন শিক্ষকের সই দেওয়া বিবৃতি সংবাদমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের মনোনীত কমিটি আগে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করত এবং এটিই ছিল যথাযথ। কিন্তু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে ঋণগ্রহীতাদের মালিকানার ৯৭ শতাংশের মতামত উপেক্ষা করা হচ্ছে। মাত্র তিন শতাংশ মালিকানা নিয়ে সরকার এখন জোর করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এর ফলে গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা, ঐতিহ্য এবং ভবিষ্যৎ নিয়ে সবাই শঙ্কিত। বিবৃতিদাতাদের অভিযোগ, সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হতদরিদ্র নারী জনগোষ্ঠীর অর্থে প্রতিষ্ঠিত ও পরিচালিত এ ব্যাংকে তাদের অধিকার বঞ্চিত করা এবং দরিদ্র নারীদের ক্ষমতায়নকে রহিত করার জন্যই এই অধ্যাদেশ। তাই তাঁরা গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ২০১২ বাতিলের দাবি জানিয়েছেন।