গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে, একে সেভাবেই চলতে দেওয়া উচিত। একজন নোবেলজয়ীর প্রতিষ্ঠানকে রক্ষার জন্য প্রতিবাদ সভা করতে যাওয়া বিস্ময়কর ব্যাপার। সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এক প্রতিবাদ সভায় এই অভিমত দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘গ্রামীণ ব্যাংক ধ্বংসের কালো অধ্যাদেশ’ বাতিলের দাবিতে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ‘গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্র’ নামে একটি সংগঠন এর আয়োজন করে। সভায় গ্রামীণ ব্যাংকের বর্তমান ও সাবেক কয়েকজন পরিচালকও উপস্থিত ছিলেন।সভার উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপ্রতির জারি করা অধ্যাদেশটি সংসদে তোলা হলে জাতীয় সম্মেলন ডেকে এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের ডাক দেওয়া হবে।এমাজউদ্দীন আহমদ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘সরকারের কোন প্রতিষ্ঠানটি ঠিকভাবে চলছে? কার স্বার্থে ব্যাংকের ৯৭ ভাগ অংশীদারের অধিকার সরকার নিজের হাতে নিতে চাচ্ছে?...সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা তোমরা খুঁজে পাও না, অথচ গ্রামীণ ব্যাংকের সাড়ে ৩০০ টাকাও কোথাও যায়নি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বখ্যাত গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে, সেভাবে চলতে দেওয়া উচিত। ভিন্ন পন্থা নেওয়া উচিত হবে না।’গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সামনে দুটি চলমান সমস্যা। একটি পদ্মা সেতু, অন্যটি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কোথায়, কার পাসপোর্ট নিয়ে গেছে, কানাডা থেকে কার মেয়ের জামাই পালিয়ে এসেছেন, তা বলতে চাই না।’ডা. জাফরুল্লাহ বলেন, ‘অধ্যাদেশটি আগে সংসদে তোলার কথা বলার নৈতিক দায়িত্ব ছিল রাষ্ট্রপতির। তিনি তা না করে স্বাক্ষর করে দিয়েছেন।’ সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাপী নোবেলজয়ীদের অর্জনকে কাজে লাগানো নিয়ে আলোচনা হয়। অথচ, আজ এখানে প্রতিবাদ সভা হচ্ছে একজন নোবেলজয়ী ও তাঁর হাতে গড়া প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য। এমন দেশ কোথায় খুঁজে পাওয়া যাবে?’অধ্যাপক তাজমেরি এস ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসের ‘ভাবমূর্তি ধ্বংস করার’ যে পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ, জনগণ তাদের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে সভার আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ভাষাসৈনিক রফিক-উল ইসলাম বলেন, ‘গ্রামীণ ব্যাংক গ্রাহকের ১৪ হাজার কোটি টাকার আমানত লুটপাট করতে চায় আওয়ামী লীগ সরকার। এটা করতে দেওয়া হবে না।’ গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা বেগম বলেন, ‘আমরা চাই না, গ্রামীণ ব্যাংক সরকারের হাতে চলে যাক। কারণ, সরকারের কোনো কার্যকলাপই আজ পর্যন্ত ঠিক থাকেনি, এটাও থাকবে না।’ সাবেক পরিচালক রোজিনা বেগম বলেন, ‘আমরা নারীরা গ্রামীণ ব্যাংক পরিচালনা করি। এতে তো প্রধানমন্ত্রীর গর্ব হওয়ার কথা। কিন্তু একটি চক্র ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদের রক্তক্ষরণ করাচ্ছে।’ সভায় অন্যদের মধ্যে কবি আবদুল হাই শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সদরুল হক, বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক মজিদা বেগম, ছালেহা বেগম প্রমুখ বক্তব্য দেন।