প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলে প্রতারণার অভিযোগ উঠেছিল রাজধানীর নিকেতনের বাসিন্দা পারভীন আক্তার ওরফে নূপুরের বিরুদ্ধে। প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তারের পর তদন্তে পুলিশ জানতে পারে, পারভীন একা নন। বেরিয়ে এসেছে তাঁর সঙ্গীসাথিদের নামও। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা করেছে হাতিরঝিল থানায়। এই মামলায় ১ নম্বর আসামি গ্রামীণফোন।
মামলার বাদী হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামীণফোনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কি না, সে সম্পর্কে তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। এই মামলার অন্য দুই আসামি হলেন গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ এবং পারভীন আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণফোন কঠোর ডেটা প্রটেকশন নীতিমালা ও ব্যবস্থা মেনে চলে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে একজন জিপি ফ্র্যাঞ্চাইজ কর্মী (জিপিসিএঠফ) কথিত জালিয়াতি কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকার কারণে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে গ্রামীণফোন সব আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে।’
গ্রামীণফোনের সম্পৃক্ততার ব্যাপারে মামলার এজাহারে বাদী মো. গোলাম আজম লিখেছেন, পারভীন আক্তার কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরসহ কয়েকটি নম্বর থেকে কয়েকজন মোবাইল ব্যবহারকারীকে টার্গেট করে প্রতারণা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তিনি গ্রামীণফোন সার্ভিস সেন্টারে কর্মরত রুবেল মাহমুদের নম্বরে ফোন করে ছয়টি মোবাইল নম্বরের তথ্য জানাতে বলেন। আসামি রুবেল ১০ হাজার টাকার বিনিময়ে তথ্য দিতে রাজি হন। পরে হাতিরঝিল থানার চক্রাকার বাসস্ট্যান্ড–সংলগ্ন এসওডি রেস্টুরেন্টের সামনে গেলে রুবেল ভাঁজ করা সাদা কাগজে তথ্য দেন।
মামলার এজাহারে আরও লেখা হয়েছে, গ্রাহকদের সিম নিবন্ধনে ব্যবহৃত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সংরক্ষণে ব্যর্থতা, উদাসীনতা ও তথ্যভান্ডারে বেআইনি প্রবেশ নিয়ন্ত্রণে গ্রামীণফোন কর্তৃপক্ষের অব্যবস্থাপনার সুযোগ নিয়েছেন আসামি রুবেল। তিনি টাকার বিনিময়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রটির মূল হোতা পারভীন আক্তারকে তথ্য দিয়েছেন। এসব তথ্য ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আসামি।
পারভীন আক্তারের তিন সহযোগী হলেন পারভীনের বড় বোন শেফালী বেগম (৪০), মতিঝিলের পারফেক্ট ট্রাভেল এজেন্সির কর্মচারী শামসুদ্দোহা খান ওরফে বাবু (৪০) এবং মুঠোফোন কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ (২৭)।
এজাহারে বলা হয়েছে, পারভীন বয়স্ক মানুষের মুঠোফোন নম্বর জোগাড় করে তাঁদের সঙ্গে গল্পগুজব করতেন। কখনো কখনো দেখা–সাক্ষাৎও করতেন। হৃদ্যতা বেড়ে গেলে ব্যক্তিগত গোপন কথার রেকর্ড জমাতেন মুঠোফোনে। তারপর শুরু হতো ব্ল্যাকমেল। ভুক্তভোগীদের কেউ ২ লাখ, কেউবা ২০ লাখ টাকা দিয়ে নিস্তার পান পারভীনের খপ্পর থেকে। মান–সম্মানের ভয়ে অনেকেই প্রতারণার বিষয়টি চেপে যেতেন। তবে ৩ ডিসেম্বর হাতিরঝিল থানায় মো. নাসের খান (৬৫) নামের এক ব্যক্তি মামলা করেন।