গ্রামে মায়ের স্মৃতি আজও কাঁদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
অলংকরণ : আরাফাত
অলংকরণ : আরাফাত

পড়ালেখা ও চাকরির জন্য ২০১৪ সালের শুরুর দিকে এই যানজটের শহর ঢাকায় এসেছিলাম। এ শহরে বসবাস আমার প্রায় ছয় বছর। এই সময়ে প্রতিমুহূর্তে মন চাইত যদি ৭ থেকে ১০ দিনের একটানা ছুটি পেতাম, তাহলে গ্রামে থাকা মা-বাবার সঙ্গে কাটাতাম। এই ছুটির সময়টায় মায়ের সঙ্গে থাকতাম। মায়ের সঙ্গে রান্না করতাম, বিকেলে টিভি দেখতাম, আরও কত কী!

ঢাকায় আসার আগে বলা যায়, আমি ছিলাম আমার মায়ের ব্যক্তিগত সহকারী (পিএস)। সব সময় মায়ের সঙ্গে থাকতাম। রান্না থেকে শুরু করে মায়ের প্রতিটি কাজে আমি সহযোগিতা করতাম। তিন ভাই-বোনের মধ্যে আমিই বড়। আমার পরে ছোট ভাই ও তারপরে বোন। ছোট বোনটা যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়, তখন মা পুরো দুই মাস অসুস্থ ছিলেন। এই পুরো সময় আমি ঘরের কাজ একাই করতাম। অস্ত্রোপচারের পরে মা যখন সাত দিন হাসপাতালে ভর্তি ছিলেন, এই সময়ে মায়ের জন্য রান্না করে গ্রাম থেকে আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে সাইকেল চালিয়ে খাবার নিয়ে যেতাম। মা শব্দটা যেমন মধুর, তেমনি মায়ের জন্য কিছু করতে পারাও মধুর।

আজ করোনাভাইরাসের এই দুর্যোগে সারা বিশ্ব এখন লকডাউন। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণায় ঢাকা ছেড়ে বহু মানুষ গ্রামে চলে গেছে স্বজনদের কাছে। কিন্তু চাকরির কারণে আমি ও আমার স্ত্রী ঢাকায়। ইতিমধ্যে এক মাস পেরিয়ে গেল। আগে প্রতিদিন অফিসে যেতে–আসতে অনেক কষ্ট হতো, সেটা এখন হয় না। কারণ, বাসায় বসেই অফিসের দায়িত্ব সামলাতে পারছি।

সারা দিন ঘরে থাকছি ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে মায়ের কথা মনে পড়ছে। মায়ের সঙ্গে যখন ফোনে কথা বলি, অনেক কান্না পায় আমার। কিন্তু মনটাকে শক্ত করে কথা বলি। যদি ভুলেও একবার মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে কান্না করে ফেলি, আমি জানি, মা খুব কষ্ট পাবেন। কারণ, প্রত্যেক মায়ের কাছে তাঁর সন্তান কী, তার বিশ্লেষণ নিশ্চয়ই করার দরকার হবে না।

স্ত্রীকে লুকিয়ে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে একা একা কাঁদি। ভাবি, পুরো পৃথিবীজুড়ে এত বড় একটা ছুটি চলে যাচ্ছে, অথচ আমি ঢাকায় এই চারদেয়ালে বন্দী হয়ে আছি। এই সময়টা যদি মায়ের সঙ্গে কাটাতে পারতাম! বাবার সঙ্গে নামাজ পড়তে পারতাম। সবাই মিলে সাহ্‌রি ও ইফতার করতে পারতাম। কতই না ভালো লাগত।

যাহোক, অনেক কথা লিখলাম শুধু একটি বার্তা দিতে, যাঁরা অকারণে এই করোনার দুর্যোগের সময়ও বাইরে ঘোরাঘুরি করেন তাঁদের জন্য। তাঁদের বলতে চাই, পরিবারের সঙ্গে সময় কাটানোর এই যে সুযোগ আপনি পেয়েছেন, সেটি হয়তো জীবনে আর কোনো দিন না–ও আসতে পারে। তাই সচেতন হোন, ঘরে থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, লকডাউন শেষ হওয়ার পরে আপনি যে পৃথিবী পাবেন, সেটি আপনার আগে বা পরে কয়েকটা প্রজন্ম হয়তো পাননি অথবা পাবেন না।

*লেখক: এম সুজন আকন, লালবাগ, ঢাকা। [email protected]