‘গ্রামে যাব টিসিবির তেল, চিনি ও ডাল নিয়ে’
‘শহর থেকে গ্রামের বাড়ি গেলে মানুষ স্ত্রী-সন্তানের জন্য কত কিছু নিয়ে যায়। আর আমি যাব টিসিবির ট্রাক থেকে কেনা তেল, চিনি ও ডাল নিয়ে।’ কথাগুলো বলছিলেন রাজধানীর খিলক্ষেত এলাকার এক ‘অন্য রকম’ রিকশাচালক। অন্য রকম বলার কারণ হলো—রিকশা চালানো তাঁর পেশা নয়। ছিলেন স্কুলশিক্ষক। করোনায় চাকরি চলে যাওয়ায় এই কাজ বেছে নিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে খিলক্ষেতের নিকুঞ্জ-২ নম্বর এলাকায় কথা হয় ওই ব্যক্তির সঙ্গে। তিনি প্রথম আলোকে নিজের নাম–পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। শুধু বলেছেন তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়।
করোনায় চাকরি হারিয়ে মাঝে গ্রামেই কিছুদিন দিনমজুরের কাজ করেছিলেন। তাতে অভাব পিছু ছাড়ছিল না। সংসার চালানোর কোনো উপায়ান্তর না দেখে চলে আসেন ঢাকায়। কিন্তু রাজধানীতে এলেও মেলেনি কোনো চাকরি। শেষমেশ রিকশা চালানোকেই পেশা হিসেবে বেছে নেন, যা আয় করছেন, তাতে বাসা ভাড়া নিলে গ্রামে থাকা স্ত্রী-সন্তানের জন্য কিছুই পাঠানো যাবে না। তাই মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছেন রিকশা গ্যারেজ।
মঙ্গলবার দুপুরে নিকুঞ্জ কল্যাণ সমিতিসংলগ্ন মাঠের পাশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে তেল, মসুর ডাল ও চিনি কেনেন ওই রিকশাচালক। বিক্রি শেষের দিকে পুরুষের সারিতে ভিড় কমে যাওয়ায় দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই পণ্য কেনার সুযোগ পান তিনি।
ওই রিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘এদিক দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। দেখলাম ভিড় কম। তাই যাত্রী নামিয়ে দিয়ে ফিরে এসে লাইনে দাঁড়িয়েছি।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিন পর গ্রামে যাব। এখান (টিসিবির ট্রাক) থেকে যে পণ্যগুলো কিনেছি, সেগুলো বাড়িতে নিয়ে যাব।’ টিসিবি থেকে কেনা পণ্যগুলো পবিত্র রমজান মাসে তাঁর পরিবারের কাজে লাগবে বলেও তিনি জানান।
এ বছরের শুরুতে জীবিকার সন্ধানে ঢাকা আসেন তিনি। নিকুঞ্জ-২ নম্বর এলাকার ১৯ নম্বর সড়কের শেষ প্রান্তে একটি রিকশা গ্যারেজে থাকেন। সেখানে রিকশার জমা বাবদ দৈনিক ৯০ টাকা দিতে হয়। খাওয়াদাওয়া করেন গ্যারেজেই। এতে আরও ১২০ টাকা ব্যয় হয়। সব মিলিয়ে দৈনিক খরচ ২১০ টাকা। অপর দিকে রিকশা চালিয়ে দিনে আয় হয় ৪৫০ থেকে ৫০০ টাকা। অর্থাৎ গড়ে ৪৫০ টাকা হিসাবে ওই ব্যক্তির মাসে ১৩ হাজার ৫০০ টাকা আয় হয়। খাওয়া ও রিকশার জমা বাবদ ব্যয় হয় ৬ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত থাকে ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে প্রতি মাসে স্ত্রী ও সন্তানের জন্য হাজার পাঁচেক টাকা পাঠান। বাকি টাকা নিজের হাতে রেখে জমানোর চেষ্টা করছেন তিনি।
টাকা জমানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘রিকশা চালানোর অভ্যাস কোনো দিন ছিল না। শুরুতে খুব কষ্ট হতো, কুলাতাম না। এখন সয়ে গেছে।’ তবে এই কাজ বাদ দিয়ে একটি খামার দিতে চান তিনি।
নিকুঞ্জ-২ এলাকায় পণ্য বিক্রি করেছে টিসিবির পরিবেশক মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজ। মঙ্গলবার একেকটি ট্রাকে ৫০০ লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়েছে। মসুর ডাল ও চিনির পরিমাণ ৫০০ কেজি থেকে বাড়িয়ে চিনি ৬৫০ কেজি এবং ডাল ৬০০ কেজি করে দেওয়া হয়েছে। পেঁয়াজের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে ৪৫০ কেজি। আগে ১ হাজার কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হতো।
বেলা ১১টায় টিসিবির ট্রাকে বিক্রি শুরু হলে বেলা সোয়া ৩টার দিকে শেষ হয়। লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কেউ পণ্য না কিনে ফেরত যাননি। তবে লাইনের শেষ দিকে থাকা অনেকেই পেঁয়াজ কেনার সুযোগ পাননি। আর সবার শেষে যাঁরা লাইনে ছিলেন, তাঁরা শুধু মসুর ডাল ও চিনি কিনতে পেরেছেন।