গ্রাহকের কাছে ঘুষ চাওয়ায় ঢাকা ওয়াসার এক কর্মচারী জেলে
ঘুষ দিতে গ্রাহককে পীড়াপীড়ি করায় ঢাকা ওয়াসার বিলিং সহকারী মো. মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। ওয়াসার দায়িত্বরত ম্যাজিস্ট্রেট গত মঙ্গলবার ওই কর্মচারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।জানা যায়, মোফাজ্জল মিরপুর-৭ নম্বর সেকশনের ৬৫৬ নম্বর হোল্ডিংয়ের একজন গ্রাহকের কাছে ঢাকা ওয়াসার পানির বিল বকেয়া বাবদ ৩০ হাজার ৪২১ টাকা পরিশোধের নোটিশ দেন। এরপর তিনি গ্রাহককে জানান, ২২ হাজার টাকা তাঁকে ঘুষ দেওয়া হলে তিনি বকেয়া বিল হালনাগাদ করে দেবেন। ওই গ্রাহক নয় হাজার ৯১৩ টাকা ব্যাংকে পরিশোধ করেন। কিন্তু ওয়াসা কর্মচারী মোফাজ্জল হোসেন বাকি ১২ হাজার টাকা তাঁকে দেওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। সংশ্লিষ্ট গ্রাহক ওয়াসার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।ঢাকা ওয়াসার জনসংযোগ বিভাগ গতকাল বুধবার জানিয়েছে, ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা ২০১০-২০১২’ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।