কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত
গ্রিন ডেল্টা হাউজিংয়ের সদস্যপদ স্থগিত করেছে রিহ্যাব
গ্রাহকদের সঙ্গে প্রতারণা, দুর্ব্যবহার ও হয়রানির দায়ে আবাসন ব্যবসা কোম্পানি গ্রিন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের সদস্যপদ স্থগিত করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।গত শনিবার কোম্পানিটির সদস্যপদ স্থগিত করা হয়। এর প্রায় এক মাস আগে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি কোম্পানিটি।রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুক্তি অনুযায়ী ক্রেতাদের ফ্ল্যাট হস্তান্তর না করা, তুচ্ছ অভিযোগে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে জমাকৃত টাকা ফেরত না দেওয়া, একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধের দায়ে গ্রিন ডেল্টার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া কোম্পানিটির বিরুদ্ধে গ্রাহককে দেওয়া চেক ব্যাংক থেকে ফেরত আসার (ডিজঅনার) অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদ ১৯ নভেম্বর শনিবারের সভায় গ্রিন ডেল্টার সদস্যপদ স্থগিত করে। এ বিষয়ে বক্তব্য নিতে গ্রিন ডেল্টা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেনের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। কোম্পানিটির কার্যালয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।রিহ্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কয়েকটি আবাসন কোম্পানির প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, তাদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে পুরো আবাসনশিল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। এ কারণে রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের গত শনিবারের সভায় আরও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘রিহ্যাব আচরণবিধি’ লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।