ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ না হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশ অনুযায়ী সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু করার কথা থাকলেও চার বছরেও তা চালু করতে পারেনি ওই বিভাগের কর্তৃপক্ষ। তাদের সিদ্ধান্তহীনতার কারণে শিক্ষার্থীরা ফলাফল পাচ্ছেন পুরোনো পদ্ধতিতে। এর ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে পড়েছেন এই বিভাগের চারটি শিক্ষাবর্ষের ৬৪০ শিক্ষার্থী। ইউজিসি ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই ধরনের গ্রেডিং পদ্ধতি চালু করে। এ নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট নতুন পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতির চেয়ে নিজেদের শিক্ষাপদ্ধতি ভিন্ন—এই অজুহাতে নতুন পদ্ধতি অনুসরণ করার আগে এর কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য সময় নেয় আইন বিভাগ। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও নতুন পদ্ধতিতে ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি বিভাগটি।মঞ্জুরি কমিশন নির্দেশ দেওয়ার পর আইন বিভাগে ভর্তি হয়েছেন চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনুষদের ৩৪তম ব্যাচ (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) থেকে ওই নিয়ম অনুসরণের কথা থাকলেও পরবর্তী ৩৫তম ব্যাচ (২০০৭-০৮শিক্ষাবর্ষ), ৩৬তম ব্যাচ (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) ও ৩৭তম ব্যাচেও (২০০৯-১০ শিক্ষাবর্ষ) এ নিয়ম মানা হচ্ছে না। আইন বিভাগের প্রতি ব্যাচে ভর্তি হন ১৬০ জন শিক্ষার্থী। সে হিসাব অনুযায়ী চার ব্যাচের ৬৪০ শিক্ষার্থী ফলাফলের দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে আছেন।চারটি শিক্ষাবর্ষ চলে যাওয়ার পরও গ্রেডিং পদ্ধতি অনুসরণ না করার বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুমাইয়া খায়ের প্রথম আলোকে বলেন, সেমিস্টার পদ্ধতিতে যাওয়া হবে, নাকি বার্ষিক পদ্ধতিতেই গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে, সে বিষয়ে বিভাগ কিছুদিন সিদ্ধান্তহীনতায় থেকেছে। এ ক্ষেত্রে অন্যান্য বিভাগে নতুন পদ্ধতি অনুসরণের বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। চলতি বছরের প্রথমে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে এ পদ্ধতি অনুসরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চলমান চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা সমস্যায় পড়লে বিভাগীয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।কয়েকজন শিক্ষার্থী জানান, পুরোনো পদ্ধতিতে ৬০ শতাংশ নম্বর পেলে প্রথম শ্রেণী ধরা হয়। আর ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে এ ফলাফল অর্জন করতে পারেন গড়ে ছয়-সাতজন। সর্বোচ্চ নিক্তি ৬০ শতাংশ হওয়ায় শিক্ষকেরা এ ক্ষেত্রে নম্বরও দেন কম। তারা বলেন, পরবর্তী সময়ে বিভাগ সমতা দেখিয়ে ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নিলেও গুটিকয়েক শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ- ৩.২০ জিপিএ-৩.৩০ পাবেন। যা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিপিএর চেয়ে অনেক কম হবে। ফলে ভবিষ্যতে চাকরি ও দেশের বাইরে শিক্ষাবৃত্তি পেতে বৈষম্যের শিকার হবেন তাঁরা। শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, বিভাগের শিক্ষকেরা বাইরের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতে অধিক সময় দেওয়ায় শিক্ষার্থীদের নিয়ে ভাবেন না। এ কারণে চার বছরেও এ সমস্যার সমাধান হয়নি। শিক্ষার্থীদের এ সমস্যা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রথম আলোকে বলেন, ইউজিসির নির্দেশের পর অন্যান্য বিভাগ ও অনুষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নতুন নিয়মের বিষয়টি অনুমোদন করেছে। তিনি বলেন, বিভাগটি গ্রেডিং পদ্ধতি চালু করলেও চলমান চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন নিয়মে ফলাফল পাওয়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পুরোপুরি বিভাগ ও অনুষদের নিজস্ব ব্যাপার। তবুও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।