জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত বুধবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি ও ভাঙচুরের ঘটনার পর ২৩ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া পৃথক দুটি মামলায় বেশির ভাগ নেতাকে আসামি করা হয়। এর পর থেকেই ছাত্রসংগঠনটির নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস ছিল ছাত্রলীগশূন্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর গতকাল ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অল্প। ছাত্রলীগের নেতা-কর্মীদের কাউকেই দেখা যায়নি। তবে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।ছাত্রলীগের একাধিক নেতা মুঠোফোনে জানান, তাঁদের বেশির ভাগই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। তাই কয়েক দিন ক্যাম্পাসে প্রবেশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পদ নষ্ট করার অভিযোগে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মামলা করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ভাঙচুর ও ক্যাশ লুটপাটের অভিযোগে পরিচালক বেলাল হোসেন বাদী হয়ে পৃথক মামলা করেন। এতে ছাত্রলীগের মাকসুদুর রহমান, ওমর ফারুক, সৈকত বিন আকবর, আরিফ, ওবায়দুল, ইয়াসিন, সুমনসহ ৬০-৭০ জনকে আসামি করা হয়। প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রক্টরিয়াল বডির সদস্য ও সব বিভাগের চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এ ধরনের ঘটনা এড়াতে পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন, সব শিক্ষার্থীকে পরিচয়পত্র বহনে বাধ্য করাসহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বলেন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। দুটি মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।