ভাটারায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনারের বাসায় ডাকাতি ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে গ্রেপ্তার চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গত দুই দিনে কুমিল্লা ও ফরিদপুরে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ইকবাল ওরফে আলমগীর (২৭), খলিল মাহাবুব (৫৭), মো. জহির (২৫) ও মো. গণি (২৫)। এ নিয়ে এ ডাকাতি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ৩১ জুলাই সাব্বির ওরফে হূদয় (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ডিবি পুলিশ জানায়, খলিল মাহাবুব স্বর্ণের দোকানের মালিক। তিনি লুণ্ঠিত স্বর্ণালংকার কিনেছিলেন। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত।আদালতে নেওয়ার আগে গতকাল বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হলে ডাকাতির কথা স্বীকার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। গত ২৮ জুলাই ভোরে ভাটারা থানার কুড়িল কাজিবাড়ি এলাকায় সাবেক কমিশনার ও বিএনপির বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক হযরত আলীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে।