চিকিৎসার অবহেলায় যুবকের মৃত্যু নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন যুবককে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা মৃত ইসমাইলের আত্মীয় বলে জানা গেছে।ইসমাইলের মৃত্যুর ঘটনায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগের অধ্যাপক এম এ হাশেম ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত শুক্রবার বিকেলে ঈদ-পরবর্তী হাসপাতাল পরিদর্শনে গেলে মৃত ইসমাইলের স্বজনেরা তাঁর কাছে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। মন্ত্রী এ অভিযোগ শুনে তিন দিনের মধ্যে ঘটনা তদন্তের জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিককে নির্দেশ দেন। এর পরই গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া (মৃত ইসমাইলের আত্মীয়) হানিফ, রতন ও শাকিলকে শাহবাগ থানার পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানিয়েছেন। মৃত ইসমাইলের আরও ১১ জন আত্মীয়কে এই মামলায় আসামি করা হয়েছে।সংঘর্ষের ঘটনায় আহত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকে চিকিৎসাধীন আছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে রয়েছেন।হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক বলেন, এসআই মোজাম্মেলের মাথা ও ডান পায়ের হাড় ফেটে গেছে। বয়স বেশি হওয়ায় পুলিশের এ কর্মকর্তার সেরে উঠতে বেশ সময় লাগবে। তিনি দাবি করেন, সড়ক দুর্ঘটনায় আহত ইসমাইল শুক্রবার এ হাসপাতালে মারা গেলে তাঁর স্বজনেরা পুলিশ কিংবা আদালতের অনুমতি না নিয়ে ময়নাতদন্ত ছাড়াই জোরপূর্বক লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা হামলা চালিয়ে পুলিশকে আহত করেন। পুলিশের বাধা পেয়ে তাঁরা চিকিৎসার অবহেলায় ইসমাইলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে ইসমাইলের লাশ তাঁর স্বজনেরা গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে গেছেন।ফরিদপুরে বেসরকারি টেলিভিশনের গাড়িচালক ইসমাইল হোসেন গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হন। আহত ইসমাইলকে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার বিকেলে তিনি মারা যান। এরপর তাঁর পরিবার চিকিৎসায় অবহেলা মৃত্যুর কারণ উল্লেখ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ এলে নিহতের স্বজনদের সঙ্গে পুলিশের দুই দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত মোজাম্মেল বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ স্বজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।