গ্রেপ্তারের পর হাসপাতালে দোকান কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হেফাজতে গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম গোলাম ফেরদৌস (৩০)। পুলিশ জানিয়েছে, তিনি যাত্রাবাড়ী থানায় করা একটি চুরির মামলার এজাহারভুক্ত আসামি। গত শুক্রবার তাঁকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি হাসপাতালে পুলিশের হেফাজতে ছিলেন। যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, মৃত ফেরদৌস যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের ব্যবসায়ী রবিউল ইসলামের শাড়ির দোকানের কর্মচারী ছিলেন। গত ২৮ জুন তিনি ওই দোকান থেকে পাঁচ লাখ ৬০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান। এ ব্যাপারে রবিউল ইসলাম বাদী হয়ে ফেরদৌসের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা করেন। সূত্র জানায়, টাকা চুরি করে ফেরদৌস মুন্সিগঞ্জে তাঁর গ্রামের বাড়ি পালিয়ে যান। কিছু দিন আগে সেখানে একটি বাড়ির ছাদ থেকে পড়ে ফেরদৌস গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে মুন্সিগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্নায়ু ও শল্য (নিউরোসার্জারি) বিভাগে স্থানান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, গত শুক্রবার মুন্সিগঞ্জ থেকে তাঁর কাছে খবর আসে ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে হাসপাতালে গিয়ে আহত ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।