ঘরও সাজবে ঈদের আমেজে
ঘরের খাটটি পুরোনো হয়ে গেছে। পর্দাগুলোরও রং উঠে গেছে। অন্য সময় এসবের প্রতি খুব একটা নজর দেওয়া হয় না। কিন্তু ঈদ বলে কথা। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আসবে। দিনভর চলবে আড্ডা। তাই ঘরেও চাই ঈদের আমেজ। নিজেদের কেনাকাটার পাশাপাশি সাধ ও সাধ্যমতো অনেকেই বাড়ির আসবাবে পরিবর্তন আনছেন। সাজিয়ে-গুছিয়ে সবকিছু নতুনের মতো করে তুলছেন।ধানমন্ডির গৃহিণী সেলিনা বলেন, অন্য সময় গায়ে লাগে না, ফলে ঘরের জিনিসপত্রের দিকে তেমন নজর দেওয়া হয় না। কিন্তু ঈদ বলে কথা। তাই তিনি ৭৫০ টাকা করে প্রতি গজ কাপড় কিনে ঘরের পর্দা তৈরি করতে দিয়েছেন। ঈদের জন্য আড়ং থেকে বিছানার চাদর কিনবেন। অতিথিদের আপ্যায়ন করার জন্য নতুন চটকদার কিছু থালা-বাসনও কিনবেন।ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে নগরের বিপণিবিতানগুলোও জিনিসপত্রে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার গুলশান, বনানী, ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের দেখা গেল ঘর সাজানোর জিনিসপত্র কিনতে।নিউমার্কেটে আসা ফারাহ জাবিন জানালেন, তিনি একাই নন, তাঁর সব সহকর্মী একসঙ্গে একই ধরনের পর্দা বানিয়ে ব্লক করতে দিয়েছেন। থান কাপড় কিনে বিছানার চাদর বানিয়েছেন।আড়ং, বসুন্ধরা সিটির দেশী দশসহ বিভিন্ন ফ্যাশন ও বুটিক হাউসে ব্লক ও বাটিকের ঘরের পর্দা, বিছানার চাদর, দেয়ালে ঝোলানোর জন্য কাঁথা, মোমবাতিসহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। বনানীর ফ্যাশন হাউস যাত্রার শোরুমে বিভিন্ন আকৃতির বিছানার চাদর, বালিশের কভার, বাতি, কাঠ ও মাটির শোপিস ক্রেতাদের কিনতে দেখা গেল।বারিধারার গোগ্রাসি নামের একটি দেশি উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রযুক্তিকে ব্যবহার করে আধুনিক শতরঞ্জি তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি সিল্ক (নকশা করা) এবং উলেনের বিভিন্ন রঙের শতরঞ্জিগুলো আসবাবের দোকান হাতিলের বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে।ঈদ উপলক্ষ করে ইলেকট্রনিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা করেছে। বিভিন্ন আসবাব তৈরি প্রতিষ্ঠান অটবি বা হাতিলও বসে নেই। ঈদে ৫০ শতাংশ ছাড়ের বিজ্ঞাপন দিয়েছে অটবি। মিরপুরে রোকেয়া সরণির হাতিল কমপ্লেক্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কাস্টমার কেয়ার) মো. খোরশেদ আলম জানালেন, নগরের অ্যাপার্টমেন্টগুলোর আয়তন ক্রমেই ছোট হচ্ছে। তাই ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ রেখে হাতিলের পণ্যের আকারেও পরিবর্তন এসেছে। এখানে ১৫ শতাংশ ছাড়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে।কামাল আতাতুর্ক এভিনিউর বনানীতে বিস্তার নামের দোকানটিতে ঢুকে ক্রেতাদের অবশ্য দামটাকেও গুরুত্ব দিতে হচ্ছে। এখানকার ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, তাঁদের দোকানের প্রায় ৯০ শতাংশ পণ্যই নতুন আনা। এখানে লাল টুকটুকে চেয়ারের শব্দনিরোধক (সাউন্ড প্রুফ) দাম ৬৫ হাজার টাকা, কালো রঙের চামড়ার সোফা এক লাখ ৮০ হাজার টাকা, সিঁড়ির মাঝখানে রাখার জন্য ঝাড়বাতি এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।যাঁদের হিসাব করে খরচ করতে হয়, তাঁরা নিউমার্কেটের পাশের মার্কেটগুলোতে ঢুঁ মারছেন। ক্রেতারা জানালেন, এখানে কাপ, প্লেট থেকে শুরু করে বিভিন্ন ক্রোকারিজ ও শোপিস, কৃত্রিম ফুলের ঝাড়সহ ঘর সাজানোর বিভিন্ন টুকিটাকি পাওয়া যায়।