ঘরমুখো মানুষের বিড়ম্বনা ঠেকাতে উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা ঠেকাতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিটিজেনস রাইটস মুভমেন্ট নামের একটি সংগঠন গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানায়।বৈঠকে পরিবহন খাতের সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেন কোনো বিড়ম্বনার শিকার না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও কালোবাজারে টিকিট বিক্রি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে।বক্তারা অভিযোগ করেন, বাস ও লঞ্চমালিকেরা ভাড়া বাড়াবেন না এবং কালোবাজারে টিকিট বিক্রি হতে দেবেন না—এমন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ঘটছে উল্টো ঘটনা। ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বরের দূরপাল্লার স্পেশাল সার্ভিসের টিকিট ২৭ আগস্টের আগেই বাজার থেকে উধাও হয়ে গেছে। এ ছাড়া বক্তারা ঢাকার যানজটসহ অন্যান্য সমস্যা মোকাবিলায় রাজধানীর ভেতর থেকে কলকারখানা, সেনানিবাস, নৌবাহিনীর সদর দপ্তর, বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর রাজধানীর বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল মালেক মিঞা, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. সাইফুল হক, সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মফিজুল হক সরকার ও মহাসচিব তুসার রেহমান প্রমুখ।