ঘরে ঘরে পানি, সাংসদের কিছুই করার নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর রহমতপুরের এই ঘরে হাঁটুপানি। এলাকার সব বাড়ির চিত্র একই। বুধবার তোলা ছবি: আসাদুজ্জামান
যাত্রাবাড়ীর রহমতপুরের এই ঘরে হাঁটুপানি। এলাকার সব বাড়ির চিত্র একই। বুধবার তোলা ছবি: আসাদুজ্জামান

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় লাখো মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন। এই দুই এলাকার অধিকাংশ ঘরে পানি। এলাকায় ছড়িয়ে পড়েছে পয়ো বর্জ্য। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। সরেজমিনে এসব এলাকা ঘোরার সময় এলাকাবাসী বলেছেন, তারা এ অবস্থা থেকে মুক্তি চান। কিন্তু স্থানীয় সাংসদ বললেন, বৃষ্টি তো আল্লাহই দেন। এখানে আমার করার কিছুই নাই।

হাঁটুপানিতে দাঁড়িয়ে রান্না করছেন রুবিনা আক্তার। বুধবার যাত্রাবাড়ীর রহমতপুর এলাকা থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান
হাঁটুপানিতে দাঁড়িয়ে রান্না করছেন রুবিনা আক্তার। বুধবার যাত্রাবাড়ীর রহমতপুর এলাকা থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান

ডেমরার রসুলনগরের ৭০ বছর বয়সী হান্নানের ঘরবাড়ি সবই আছে। অথচ তিন দিন ধরে তিনি ঘরছাড়া। ঘরে তালা মেরে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। কারণ, তাঁর ঘরে হাঁটুপানি। পানিতে খাটসহ অন্যান্য আসবাব।

নিচে পানি, খাটের ওপর তিন শিশু। ছবিটি ডেমরার পূর্ব ডগাই এলাকা থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান
নিচে পানি, খাটের ওপর তিন শিশু। ছবিটি ডেমরার পূর্ব ডগাই এলাকা থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান

গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টির পর ডেমরা ও যাত্রাবাড়ীর বেশ কিছু এলাকা আজ বুধবারও পানিতে তলিয়ে ছিল। এর মধ্যে আজ ইফতারের ঘণ্টাখানেক আগে আবার অঝোরে বৃষ্টি নামে। এতে এসব এলাকার মানুষের ভোগান্তি আরও বেড়েছে। পানি উঠেছে কারওয়ান বাজার, মিরপুর, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, কাজী আলাউদ্দিন রোড, চকবাজার রোডসহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে। শহরজুড়ে দুর্ভোগে পড়ে অফিস ফেরত মানুষজন।

স্কুলের সামনেও পানি। মায়ের সঙ্গে স্কুলে এসেছে এই শিশু। ছবি: আসাদুজ্জামান
স্কুলের সামনেও পানি। মায়ের সঙ্গে স্কুলে এসেছে এই শিশু। ছবি: আসাদুজ্জামান

ডেমরার রসুলনগরের হান্নান বলছিলেন, ‘ঘরে পানি উঠে যাওয়ার কারণে অন্যের ঘরে উঠেছি। এই বৃদ্ধ বয়সে এত কষ্ট আর সইতে পারি না।’ হান্নানের মতো যাত্রাবাড়ীর রহমতপুরের বাসিন্দা রুবিনা আক্তারের ঘরেও হাঁটুর ওপরে পানি। গতকাল বুধবার রুবিনা বলেন, ‘আগের বৃষ্টিতেই আমরা পানিতে তলিয়ে গেছি। রান্নাবান্না বন্ধ। বাজারঘাট করতে পারছি না। এ অবস্থায় আর বসবাস করা যাচ্ছে না। আমরা বাঁচতে চাই।’

ডেমরায় রসুলনগরের একটি বাড়িতে তলিয়ে আছে গ্যাসের চুলা। ছবি: আসাদুজ্জামান
ডেমরায় রসুলনগরের একটি বাড়িতে তলিয়ে আছে গ্যাসের চুলা। ছবি: আসাদুজ্জামান

জানতে চাইলে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার সরকারদলীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা বুধবার প্রথম আলোকে বলেন, ‘এলাকার মানুষ পানির মধ্যে ডুবে আছে। আমার বাড়িতেও পানি। এবার বৃষ্টির পরিমাণ বেশি। বৃষ্টি বেশি হলে জলাবদ্ধতা হবে। বৃষ্টি তো আল্লাহই দেন। সব জনপ্রতিনিধি চান তাঁর এলাকার মানুষ শান্তিতে থাকুক। কিন্তু এখানে আমার করার কিছুই নাই।’

সরেজমিনে দেখা গেছে, যাত্রাবাড়ীর মাতুয়াইল ও ডেমরার সারুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ এলাকাগুলো গত বছর সিটি করপোরেশনের অধীনে এসেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর রহমতপুর, আদর্শনগর, পাড় ডগাইর এলাকার ঘরবাড়িতে হাঁটুর ওপর পানি। রাস্তার কোনো কোনো জায়গায় দেখা গেছে কোমরসমান পানি। আর ডেমরার রসুলনগর, হাজীনগর, বামৈল পূর্বপাড়া, বামৈল পশ্চিমপাড়া, ডগার পূর্ব-পশ্চিম পাড়া, ডগার দক্ষিণ-উত্তরপাড়া, নতুনপাড়, পূর্ব-পশ্চিম বক্সনগর, নিঝুমবাগ, পশ্চিম টেংরা এলাকার ঘরে ঘরে পানি। পয়োবর্জ্য পানিতে মিশে উৎকট গন্ধ ছড়াচ্ছে।

ডগাই পূর্বপাড়ার বাসিন্দা সালমা আক্তারের কোলে ছয় মাসের শিশু। ইট দিয়ে তিনি খাট উঁচু করে সেখানে থাকছেন। দেখা গেল, পানি ছুঁইছুঁই এমন খাটের ওপর শোয়ানো তার শিশু। সালমা বলেন, ‘ভয়ে রাতেও ঘুমাতে পারছি না। যদি ঘুমের মধ্য বাচ্চা পানিতে পড়ে যায়। আমরা কত যে খারাপ অবস্থার মধ্যে আছি, তা বলে বোঝানো সম্ভব না।’

একই এলাকার আবদুল কাদিরের ঘরে কোমরসমান পানি। কাদির বলছিলেন, ‘রান্নাঘরে পানি। রান্না করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে পরিবারকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কে চায় নিজের ঘর ছেড়ে অন্যের বাসায় থাকতে?’

যাত্রাবাড়ী ও ডেমরার জলাবদ্ধতার কারণ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) আবদুল আওয়াল মিয়া বলেন, ‘যাত্রাবাড়ী ও ডেমরার সব পানি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় স্থাপিত সেচযন্ত্রের মাধ্যমে শীতলক্ষ্যায় ফেলা হয়। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই পরিমাণ পানি সেচ করা সম্ভব হচ্ছে না। কারণ, আমাদের সেচযন্ত্র দিয়ে প্রতিদিন মাত্র চার কোটি ঘনফুট পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে। অথচ সেচ দেওয়ার দরকার ২৮ কোটি ঘনফুট। বাকি পানি জমে থাকছে।’

পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, প্রতিদিন ২৮ কোটি ঘনফুট পানি সেচ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রাবাড়ী ও ডেমরার লোকদের আর জলাবদ্ধতার মধ্যে থাকতে হবে না। তত দিন পর্যন্ত কষ্ট করতেই হবে।